বাসে ঢাকায় আসছিলেন বৃদ্ধা, মিলল ১০ লাখ টাকার হেরোইন

ঢাকার যাত্রাবাড়ী এলাকায় বাসে তল্লাশি চালিয়ে ৬৫ বছর বয়সী এক নারীর কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন উদ্ধারের তথ্য দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সংস্থাটির হিসাবে, উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য ১০ লাখ টাকা।
মাসুমা খাতুন নামে ওই নারী যশোর থেকে ঢাকায় আসছিলেন। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে যাত্রাবাড়ীর ধোলাইপাড় গোল চত্বর এলাকায় ঢাকাগামী ‘নড়াইল এক্সপ্রেস’ বাসে তল্লাশি চালিয়ে হেরোইনসহ তাকে গ্রেপ্তার করা হয়।
ডিএনসি এক বিজ্ঞপ্তিতে জানায়, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, যশোর থেকে ঢাকাগামী ‘নড়াইল এক্সপ্রেস’ বাসে এক নারী হেরোইন নিয়ে ঢাকায় আসছেন। এর ভিত্তিতে সহকারী পরিচালক মোস্তাক আহমেদের নেতৃত্বে একটি ‘রেইডিং পার্টি’ ধোলাইপাড় গোল চত্বর এলাকায় অবস্থান নেয়।
-62371c.jpg)
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাসটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের মাঝের আসনে বসা মাসুমা খাতুনকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তার কাছে হেরোইন থাকার বিষয়টি জানা গেলে পোশাকের ভেতর থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো একটি পলিব্যাগ উদ্ধার করা হয়। এতে ১০০ গ্রাম হেরোইন পাওয়া যায়।
ডিএনসি বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুমা খাতুন জানান, তার মেয়ে তাহমিনার ‘চাপ ও নির্দেশনায়’ তিনি হেরোইনের চালানটি নিয়ে ঢাকায় আসছিলেন। তিনি এর আগে একইভাবে আরও দুবার ‘হেরোইনের চালান নিয়ে এসেছিলেন’ বলেও জানিয়েছেন।
ডিএনসির প্রাথমিক অনুসন্ধানে তাহমিনার যাত্রাবাড়ী এলাকায় মাদক কারবারের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংস্থাটি। তবে বিষয়টি আরও যাচাই করা হচ্ছে। তাহমিনার অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা ও অভিযান চলছে।
মাসুমা খাতুনের দেওয়া তথ্যের ভিত্তিতে মাদক সরবরাহের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতেও তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিএনসি। সংস্থাটির কর্মকর্তারা বলেছেন, মাদক কারবারে বয়স্ক নারী বা পরিবারের সদস্যদের ব্যবহার করে মাদক পরিবহনের বিষয়টি ‘বিশেষ গুরুত্বের সঙ্গে’ খতিয়ে দেখা হচ্ছে।



















