এইচএসসির ২ লাখ ৯১ হাজার পরীক্ষার্থীর পুনর্নিরীক্ষণ ফল আজ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
এইচএসসির পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হবে আজ। প্রতীকী ছবি
এইচএসসির পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হবে আজ। প্রতীকী ছবি

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হবে আজ সোমবার। এবার দেশের ৯টি সাধারণ, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে খাতা পুনর্নিরীক্ষণের জন্য দুই লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী আবেদন করেছে। এর পরিপ্রেক্ষিতে ১৪ দিনে ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি খাতা পুনর্নিরীক্ষণ করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টায় শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হবে। পরীক্ষার্থীদের ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরেও এসএমএসে ফলাফল পাঠানো হবে।

রোববার আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক আক্তারুজ্জামান ও পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষায় ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ছয় লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ, যা দুই দশকের মধ্যে সর্বনিম্ন। এ বছর জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন।

ফল প্রকাশের পরদিন ১ নভেম্বর থেকে শুরু হয় পুনর্নিরীক্ষণের আবেদন। আর এবার এক বিষয়ে দুই লাখ ৯৮ হাজার ৪০ জন ও দুই বিষয়ে এক লাখ ২৪ হাজার ৮৬৫ জন অকৃতকার্য হয়েছে।

এদিকে এইচএসসিতে এবার যেসব পরীক্ষার্থী এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে, তাদের পরীক্ষার ফল প্রকাশের এক মাসের মধ্যে সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। আগামী ১ ডিসেম্বর শুরু হয়েছে ১৫ ডিসেম্বর পর্যন্ত এইচএসসির এসব সম্পূরক পরীক্ষা নেওয়া হবে। ব্যবহারিক পরীক্ষাও ১৫ ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad