প্রবাসীদের মরদেহ দেশে আনতে অর্ধেক খরচ বহন করবে সরকার: শ্রমমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বক্তব্য দিচ্ছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। ছবি: সংগৃহীত
বক্তব্য দিচ্ছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। ছবি: সংগৃহীত

লন্ডন, যুক্তরাষ্ট্র ও কানাডাসহ ইউরোপ-আমেরিকার বিভিন্ন দেশে কোনো প্রবাসী বাংলাদেশি মারা গেলে তার মরদেহ দেশে আনার খরচের অর্ধেক বহনের পরিকল্পনা করছে সরকার। মন্ত্রিসভার অনুমোদন পেলে এ বিষয়ে দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরে সিলেটের জালালাবাদ অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ তথ্য জানান।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনুপযুক্ত (আনফিট) কর্মীকে উপযুক্ত (ফিট) দেখিয়ে পাঠানোর প্রমাণ মিললে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে ওই এজেন্সির লাইসেন্সও বাতিল করা হতে পারে।

প্রবাসীদের কল্যাণে সরকারের নানা পরিকল্পনার কথা তুলে ধরে আরিফুল হক চৌধুরী জানান, সরকারি ও বেসরকারি হাসপাতালে প্রবাসীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার বিষয়ে সরকার সচেষ্ট রয়েছে। পাশাপাশি প্রবাসীদের আইনি সহায়তা দিতে ল’ ফার্ম নিয়োগের মাধ্যমে সহযোগিতা করারও পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া অনুষ্ঠানে সিলেটের পর্যটনকেন্দ্রগুলো ঘিরে নতুন কর্মসংস্থান তৈরির সম্ভাবনার কথাও তুলে ধরেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad