প্রধানমন্ত্রীর সফরের পর মোংলায় ৩১২ কোটি টাকার বিনিয়োগ, ৩৪৫৫ জনের কর্মসংস্থানের সম্ভাবনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের মোংলা সফরের পর বন্দর ও শিল্পাঞ্চল ঘিরে নতুন বিনিয়োগের উদ্যোগ গতি পেয়েছে। বন্দরের আধুনিকায়নে ৪ হাজার কোটি টাকার বেশি ব্যয়ের উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর এবার মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) দুটি শিল্পকারখানা স্থাপনের চুক্তি হয়েছে। এসব কারখানায় মোট ৩১২ কোটি টাকার বেশি বিনিয়োগের পাশাপাশি ৩ হাজার ৪৫৫ জনের কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেশীয় প্রতিষ্ঠান ব্লু ম্যানগ্রোভ প্যাকেজিং লিমিটেডের সঙ্গে ভূমি ইজারা চুক্তি করেছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। প্রতিষ্ঠানটি মোংলা ইপিজেডে ৮০ লাখ ৭০ হাজার মার্কিন ডলার বিনিয়োগে একটি কারখানা স্থাপন করবে।
এর আগে গত ১২ অক্টোবর চীনা প্রতিষ্ঠান লংটেং গার্মেন্ট কোম্পানি লিমিটেডের সঙ্গে ১ কোটি ৭০ লাখ ডলারের বিনিয়োগ চুক্তি হয়। দুটি প্রকল্পে মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াচ্ছে ২ কোটি ৫০ লাখ ৭০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩১২ কোটি টাকা।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর বেপজা কমপ্লেক্সে ব্লু ম্যানগ্রোভ প্যাকেজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাজউদ্দিন আহমেদ সজীব এবং বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন চুক্তিতে সই করেন। এ সময় বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে স্বাগত জানিয়ে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বলেন, বিনিয়োগের গন্তব্য হিসেবে মোংলা ইপিজেডকে বেছে নেওয়ায় প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ। কারখানা স্থাপন ও সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনায় বেপজার পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে। একই সঙ্গে যশোর ও পটুয়াখালীতে বেপজার নির্মাণাধীন ইপিজেডগুলোতেও বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখতে প্রতিষ্ঠানটির প্রতি আহ্বান জানান তিনি।
বেপজা সূত্রে জানা গেছে, ব্লু ম্যানগ্রোভ প্যাকেজিং লিমিটেডের কারখানায় গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং সামগ্রী উৎপাদন করা হবে। পলি ব্যাগ ও শিট, গাম টেপ, স্কচ টেপ, প্যাকিং ও মাস্কিং টেপ, কার্টন, হ্যাং ট্যাগ, প্রাইস ট্যাগ, লেবেল পেপার, হেডার কার্ড, বারকোড স্টিকার, আরএফআইডি লেবেল ও সেলফ-অ্যাডহেসিভ স্টিকার তৈরি করবে প্রতিষ্ঠানটি। বছরে প্রায় ১ কোটি ৯৫ লাখ কেজি পণ্য উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। এতে ৪৫০ জনের কর্মসংস্থান হবে, যাদের মধ্যে ৪৪৮ জনই বাংলাদেশি।
অন্যদিকে, চীনা প্রতিষ্ঠান লংটেং গার্মেন্ট কোম্পানি লিমিটেড ১ কোটি ৭০ লাখ ডলার বিনিয়োগে পোশাক কারখানা স্থাপন করবে। সেখানে বছরে ৬০ লাখ পিস অন্তর্বাস ও ব্রা উৎপাদনের পরিকল্পনা রয়েছে। কারখানাটি চালু হলে ৩ হাজার ৫ জন বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। দুটি কারখানায় সব মিলিয়ে ৩ হাজার ৪৫৫ জনের কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান গত ২২ অক্টোবর প্রথমবার এবং ৫ নভেম্বর দ্বিতীয়বার মোংলা সফর করেন। দ্বিতীয় সফরে তিনি মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিক সেবা নিশ্চিত করতে ৪ হাজার ৬৮ কোটি ২৩ লাখ টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রকল্পের আওতায় দুটি আধুনিক কনটেইনার জেটি ও সংশ্লিষ্ট অবকাঠামো নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর ফলে বন্দরের পণ্য ও কনটেইনার ওঠানো-নামানোর সক্ষমতা বাড়বে।
ওই সফরে বিনিয়োগ সহযোগিতা জোরদারে ইনভেস্ট বাংলাদেশ ও চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়। এতে জ্বালানি, শিল্প অবকাঠামো, পরিবহন, লজিস্টিকস ও সবুজ অবকাঠামোসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা যাচাইয়ের কথা রয়েছে। তবে এটি প্রাথমিক সমঝোতা; এখনো কোনো চূড়ান্ত বিনিয়োগ চুক্তি হয়নি।
বেপজার সর্বশেষ তথ্য অনুযায়ী, গত অক্টোবর পর্যন্ত মোংলা ইপিজেডে ৩৯টি শিল্পপ্রতিষ্ঠান উৎপাদনে ছিল। আরও ছয়টি প্রকল্প বাস্তবায়নাধীন। এ পর্যন্ত ইপিজেডটিতে প্রকৃত বিনিয়োগ এসেছে ২৭ কোটি ১৯ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। রপ্তানির পরিমাণ ১৭০ কোটি ৪০ লাখ ৪০ হাজার ডলার। বর্তমানে এসব প্রতিষ্ঠানে কাজ করছেন ১৬ হাজার ১৬৭ জন বাংলাদেশি।
বন্দর ও ইপিজেড ঘিরে নতুন বিনিয়োগের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় ব্যবসায়ী ও বন্দর ব্যবহারকারীরা। মোংলা পোর্ট বার্থ অ্যান্ড শিপ অপারেটরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মো. জুলফিকার আলী বলেন, দীর্ঘদিন ধরে আধুনিক জেটি ও ইয়ার্ডের সংকটে বড় জাহাজ ও কনটেইনার হ্যান্ডলিংয়ে সীমাবদ্ধতা ছিল। প্রধানমন্ত্রীর সফরের পর চার হাজার কোটি টাকার বেশি ব্যয়ের উন্নয়ন প্রকল্প এবং একের পর এক বিনিয়োগ চুক্তি হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে আস্থা ফিরেছে। দেশি-বিদেশি বিনিয়োগকারীরা এখন মোংলাকে নিরাপদ ও লাভজনক বিনিয়োগ গন্তব্য হিসেবে বিবেচনা করছেন।
মোংলা বন্দর ব্যবহারকারী এইচ এম দুলাল বলেন, ইপিজেডের নতুন কারখানাগুলো উৎপাদনে গেলে কাঁচামাল আমদানি ও তৈরি পণ্য রপ্তানির জন্য বন্দরের ওপর চাপ বাড়বে। এতে শিপিং এজেন্ট, সিঅ্যান্ডএফ ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ শ্রমিকদের কাজের সুযোগ বাড়বে।
মোংলা প্রেসক্লাবের সভাপতি ও বন্দর ব্যবহারকারী আহসান হাবিব হাসান বলেন, উপকূলীয় এই জনপদে শিল্পায়নের অভাবে দীর্ঘদিন কর্মসংস্থানের সংকট ছিল। ইপিজেডে সাড়ে তিন হাজারের বেশি মানুষের কাজের সুযোগ এবং বন্দর ঘিরে বড় বিনিয়োগের উদ্যোগ স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। তবে প্রকল্পগুলো নির্ধারিত সময়ে বাস্তবায়ন হচ্ছে কিনা, সেদিকে নজর রাখতে হবে।
উন্নয়ন উদ্যোগের পাশাপাশি পরিবেশগত ভারসাম্য ও অবকাঠামোগত প্রস্তুতি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন পরিবেশকর্মীরাও। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) খুলনা সমন্বয়ক অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার বলেন, মোংলাকে ঘিরে বড় বিনিয়োগ ও কর্মসংস্থানের উদ্যোগ ইতিবাচক। তবে নতুন কারখানাগুলোর অবকাঠামো নির্মাণ শেষ করে উৎপাদনে যেতে আরও এক থেকে দুই বছর সময় লাগবে।
একই সঙ্গে সুন্দরবনের প্রতিবেশ রক্ষা, বন্দরের ১৪৪ কিলোমিটার নৌচ্যানেলের নাব্যতা বজায় রাখা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও যোগাযোগব্যবস্থা নিশ্চিতের আহ্বান জানান বাবুল হাওলাদার। তার মতে, এসব বিষয় গুরুত্বের সঙ্গে বাস্তবায়ন করা গেলে মোংলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিল্প ও অর্থনীতির অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত হতে পারে।












Md.AliHossainFakir.(2)-f9a867-256x144.webp)


-dc9470-256x144.webp)


