নিরাপত্তা উদ্বেগে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ

গোপালগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ১৮: ১১
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

ক্যাম্পাসে রাজনৈতিক উত্তেজনা, বিভিন্ন পক্ষের মিছিল ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) সব একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ২২ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও রিজেন্ট বোর্ডের সচিব মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৭ নভেম্বর অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ষষ্ঠ জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৮ ও ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখা হয়েছিল। একই সভার সিদ্ধান্তের ধারাবাহিকতায় জেলার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা এবং শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ২২ নভেম্বর থেকে পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে কয়েক দিন ধরে বিশ্ববিদ্যালয়ে আন্দোলন ও অস্থিতিশীল পরিস্থিতি চলার মধ্যে বৃহস্পতিবার নতুন করে উত্তেজনা ছড়ায়। দুপুরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাসে প্রবেশ করে মিছিল ও স্লোগান দিলে শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ২টার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে ক্যাম্পাসে ঢোকেন। পরে প্রশাসনিক ভবনের পাশ দিয়ে মিছিল নিয়ে গোলচত্বরে যান তারা। সেখানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দিয়ে কর্মসূচি শেষ করেন। এ সময় আওয়ামী লীগের কয়েকজন নেতার নামেও স্লোগান দেন তারা।

মিছিল শেষে দেওয়া বক্তব্যে নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাখার দাবি জানান। আগামী সাত কর্মদিবসের মধ্যে নাম পরিবর্তন এবং বিভিন্ন দপ্তরে বঙ্গবন্ধুর ছবি পুনরায় স্থাপন করা না হলে নিজেরাই এসব দাবি বাস্তবায়নের উদ্যোগ নেবেন বলে হুঁশিয়ারি দেন তারা।

এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনগুলোর আহ্বানে চলা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দেশীয় অস্ত্র হাতে মিছিলের ঘটনাও ঘটে বলে জানা গেছে।

অন্যদিকে ক্যাম্পাসের নিরাপত্তাব্যবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীদের একাংশ। তাদের অভিযোগ, ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করলেও আনসার সদস্যদের বাইরে অন্য কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে সেখানে দেখা যায়নি।

এমন পরিস্থিতিতে রাজনৈতিক উত্তেজনা ও শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad