কবরস্থান নিয়ে সংঘর্ষে জড়াল ২ গ্রামের মানুষ

নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় কবরস্থান নিয়ে দুই গ্রামের অধিবাসীরা সংঘর্ষে জড়িয়েছেন। ছবি: রাজনীতি ডটকম
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় কবরস্থান নিয়ে দুই গ্রামের অধিবাসীরা সংঘর্ষে জড়িয়েছেন। ছবি: রাজনীতি ডটকম

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতী ইউনিয়নের আমগড়া বাজার মোড় এলাকায় কবরস্থান নিয়ে বিরোধের জেরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৪আগস্ট) সকালের দিকে এ সংঘর্ষ হয়। এ সময় দুই গ্রামের ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন। স্থানীয় একটি বাজারে ভাঙচুরও হয়েছে।

এলাকাবাসী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, রংছাতি ইউনিয়নের আমগড়া বাজার মোড় এলাকায় কবরস্থানের পাশেই পুলিয়া পানেশ্বর গ্রামের লোকজন দোকান ঘর নির্মাণের উদ্যোগ নেয়। শুক্রবার সকালে এ ঘটনার সময় আমগড়া গ্রামের লোকজন তাদের বাধা দেন। এতে দুই গ্রামের বাসিন্দারা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

স্থানীয়রা জানান, আমগড়া ও পুলিয়া পানেশ্বর গ্রামের মধ্যে এ সংঘর্ষে দুই গ্রামের ১০/১৫ জন আহত হয়েছেন। এ ছাড়াও স্থানীয় আমগড়া বাজারে কয়েকটি দোকান ভাঙচুর করা হয়েছে। আহতদের কলমাকান্দা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখনো কোনো পক্ষ থানায় অভিযোগ দেননি। অভিযোগ পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement