ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ সদস্য আহত

রাজধানীর কুর্মিটোলায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বের করা নিষিদ্ধ ছাত্রলীগের একটি মিছিল থেকে পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের অভিযোগ উঠেছে। এতে গাড়িটির চালক কনস্টেবল এনামুল আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে বিমানবন্দর সড়কে আর্মি গলফ ক্লাবসংলগ্ন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
আহত এনামুল ক্যান্টনমেন্ট থানার টহল গাড়ি ‘গলফ ক্লাব ৮৩’-এর চালক। বিস্ফোরণে তার বাম চোখে সামান্য আঘাত লাগে।
প্রথমে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে আগারগাঁওয়ের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
ক্যান্টনমেন্ট থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, বনানীর দিক থেকে ৭০ থেকে ৮০টি মোটরসাইকেলের একটি বহর ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কুড়িল বিশ্বরোডের দিকে যাচ্ছিল। বহরটি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে পৌঁছালে এর মধ্য থেকে অচেনা এক ব্যক্তি পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করেন।
পুলিশের ভাষ্য, ককটেল বিস্ফোরণের পর ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার পর সেখানে টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলায় জড়িত মোটরসাইকেল আরোহীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।











-a84a4b-256x144.webp)

