রাজশাহীতে ছাত্রলীগ নেতাকে পুলিশে দেওয়া নিয়ে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষ

রাজশাহী প্রতিনিধি
বুধবার রাত সাড়ে ১২টার দিকে নগরীর জাদুঘর মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত
বুধবার রাত সাড়ে ১২টার দিকে নগরীর জাদুঘর মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

রাজশাহীতে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে পুলিশের হাতে তুলে দেওয়াকে কেন্দ্র করে মহানগর ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে পালটাপালটি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ।

বুধবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে নগরীর জাদুঘর মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছেন রাজশাহী মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার গাজীউর রহমান।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রাতভর থেমে থেমে দুপক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ চলে। সংঘর্ষ চলাকালে তাদের মধ্যে দফায় দফায় পালটাপালটি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ হয়। এ সময় ককটেল বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে সংঘর্ষে জড়িতদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এরপরও কয়েক ঘণ্টা ধরে থেমে থেমে সংঘর্ষ চলতে থাকে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্যসচিব ইমদাদুল হক লিমনের ভাষ্য, রাজপাড়া থানা এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তারা জাদুঘর মোড়ে এলে মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাফায়েত হোসেন মান্না ও তার চাচাতো ভাইয়ের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।

ছাত্রদলের এই নেতার অভিযোগ, স্থানীয় আওয়ামী লীগের নির্দেশনায় এ হামলা চালানো হয়েছে। এতে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী আহত হন। ছাত্রদলের নেতা হয়ে নিজ দলের কর্মীদের ওপর এ ধরনের হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

উপ-পুলিশ কমিশনার গাজীউর রহমান বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad