ঈশ্বরদীতে বিএনপির মিছিলে গুলি, রাতে জামায়াতের ৪ নেতাকর্মীর বাড়িতে হামলা-আগুন

প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)
আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১৬: ২৩
পাবনার ঈশ্বরদীর মাঝদিয়া এলাকায় আগুনে ক্ষতিগ্রস্ত একটি ঘর। ছবি: সংগৃহীত
পাবনার ঈশ্বরদীর মাঝদিয়া এলাকায় আগুনে ক্ষতিগ্রস্ত একটি ঘর। ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতির সময় গুলির ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে জামায়াতে ইসলামীর চার নেতাকর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাত ৮টা থেকে ১০টার মধ্যে উপজেলার সাঁড়া ইউনিয়নের মাঝদিয়া এলাকায় এসব ঘটনা ঘটে। এ সময় বাড়িগুলোতে থাকা অন্তত আটটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

এর আগে একই দিন বিকেলে মাঝদিয়া এলাকায় বিএনপির নেতাকর্মীদের মিছিলের প্রস্তুতির সময় মুখোশধারীদের হামলা ও গুলিতে অন্তত পাঁচজন আহত হন। পরে রাতে জামায়াতের চার নেতাকর্মীর বাড়িতে হামলার ঘটনা ঘটে। এ জন্য বিএনপির নেতাকর্মীদের দায়ী করেছেন জামায়াতের নেতারা। তবে বিএনপির বহিষ্কৃত নেতা জাকারিয়া পিন্টুর সমর্থকদের দাবি, পদ্মার বালুমহাল নিয়ে বিরোধের জেরেই এসব ঘটনা ঘটেছে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, পদ্মা নদীর বালুমহাল নিয়ে ঈশ্বরদীতে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের বিরোধ চলছে। এর জের ধরে গতকাল বিকেলে ঈশ্বরদী পৌর বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর সমর্থকরা বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় মুখোশধারীদের একটি দল তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে পাঁচজন গুলিবিদ্ধ হন। তাদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পাবনার ঈশ্বরদীর মাঝদিয়া এলাকায় জামায়াতের চার নেতাকর্মীর বাড়িতে হামলা ও ভাঙচুরের সময় কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। ছবি: সংগৃহীত
পাবনার ঈশ্বরদীর মাঝদিয়া এলাকায় জামায়াতের চার নেতাকর্মীর বাড়িতে হামলা ও ভাঙচুরের সময় কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। ছবি: সংগৃহীত

গুলির ঘটনার পর রাতের একদল লোক সাঁড়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রাজ্জাক এবং জামায়াতের কর্মী ছমির উদ্দিন, নুরুল আলম ও নুরুল ইসলামের বাড়িতে হামলা চালায়। বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি সেখানে থাকা আটটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।

সাঁড়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রাজ্জাক বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে আমাদের বাড়িতে অগ্নিসংযোগ করেছে। অত্যন্ত চতুরতার সঙ্গে বর্বরোচিত ও ন্যক্কারজনক এ ঘটনা ঘটিয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষী ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’

বিএনপি থেকে বহিষ্কৃত নেতা জাকারিয়া পিন্টুর ভাই মেহেদীর নেতৃত্বে জামায়াতের নেতাকর্মীদের বাড়িতে লুটপাট চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল গাফফার খান। তিনি এ ঘটনার বিচার দাবি করেছেন।

তবে জাকারিয়া পিন্টুর সমর্থকদের দাবি, তারা এলাকায় আওয়ামী লীগবিরোধী বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় আওয়ামী লীগ-সমর্থিত কাঁকন বাহিনীর সদস্যরা অতর্কিতে হামলা চালিয়ে এলোপাতাড়ি গুলি করেন। তাদের ভাষ্য, পদ্মার বালু ব্যবসা নিয়ে বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে; জামায়াতের সঙ্গে তাদের কোনো বিরোধ নেই।

জাকারিয়া পিন্টু বলেন, ‘আমি ঢাকায় আছি। ঘটনার কিছুই জানি না। অকারণে আমার লোকজনকে দোষারোপ করা হচ্ছে। ঘটনা যত দূর জেনেছি, পদ্মার বালুমহাল নিয়ে আওয়ামী লীগের একটি পক্ষের সঙ্গে স্থানীয় লোকজনের বিরোধ চলছিল। এর জেরেই গুলি ও রাতে কয়েকটি বাড়িতে হামলা হয়েছে। এখানে জামায়াতের কোনো বিষয় নেই। জামায়াতের কারও বাড়িতে হামলা হয়েছে বলেও আমার জানা নেই।’

এদিকে আজ মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। তিনি সাংবাদিকদের বলেন, যুবদল ও বিএনপির লোকজন জামায়াতের নেতাকর্মীদের বাড়িঘরে আগুন দিয়েছেন। উল্টো পুলিশ বিএনপির লোকজনকে সুরক্ষা দিয়েছে। হামলা-অগ্নিসংযোগে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সরকারকে সেই ক্ষতিপূরণ দিতে হবে।

অন্যদিকে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক ও ঈশ্বরদীর বাসিন্দা হাবিবুর রহমান বলেন, ঘটনাটি রাজনৈতিক নয়; পদ্মার বালুমহাল নিয়ে বিরোধের জেরেই সব ঘটেছে। একটি পক্ষ ঘটনাটিকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করছে। পুলিশ সঠিক তদন্ত করে ব্যবস্থা নেবে বলে তারা আশা করছেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গুলির ঘটনা ও অগ্নিসংযোগ— দুটিই তদন্ত করছে পুলিশ।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad