গাজীপুর শ্রমিকদের মহাসড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

গাজীপুরের দুটি গুরুত্বপূর্ণ মহাসড়ক—ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ অবরোধ করে বিক্ষোভে নেমেছেন পোশাক কারখানার শ্রমিকরা।
বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে সড়কে অবস্থান নিলে মহাসড়ক দুটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলেও শ্রমিকরা এক স্থান থেকে সরে অন্য স্থানে গিয়ে পুনরায় অবরোধ সৃষ্টি করছেন। উদ্ভূত পরিস্থিতিতে জেলার অন্তত ১৫টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকায় শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে ওই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
অন্যদিকে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া ও ভবানীপুর এলাকায়ও শ্রমিকরা অবরোধের চেষ্টা করলে পুলিশের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ভবানীপুর এলাকায় শ্রমিকদের অবস্থানের কারণে যান চলাচল বন্ধ হয়ে পড়লে পুলিশ মাইকিং করে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালায়।
এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে এবং আন্দোলনরত শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ মাঠে কাজ করছে।









-3e5651-256x144.webp)





