নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন

নেত্রকোনা প্রতিনিধি
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (২৫ নভেম্বর) ভোরে উপজেলা পরিষদের দ্বিতীয় তলায় এই আগুন লাগে, যাতে ইউএনওর মূল অফিস কক্ষসহ আশপাশের বেশ কয়েকটি কক্ষ পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় সূত্র জানায়, ভোরে উপজেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় ইউএনওর কক্ষে আগুনের শিখা দেখতে পেয়ে এলাকাবাসী প্রথমে তা নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে মদন উপজেলা থেকে ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নেভানোর কাজে যোগ দেয় এবং দুই ঘণ্টার প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে ইউএনওর অফিস কক্ষের আসবাবপত্র ও বৈদ্যুতিক সরঞ্জামসহ সব মালামাল ভস্মীভূত হয়েছে এবং পাশের কয়েকটি কক্ষও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ কিংবা আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এর পেছনে কোনো নাশকতার সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।

অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান বলেন, আগুন লাগার সঠিক কারণ ও মোট ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad