চাটমোহরে উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ গ্রেপ্তার ৩

পাবনার চাটমোহরে পৃথক অভিযানে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের উপজেলা কমিটির সভাপতিসহ তিন ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। পরে নাশকতা-চেষ্টার মামলায় পুলিশ তাদের গ্রেপ্তার দেখিয়েছে।
শনিবার (২১ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে উপজেলার হরিপুর ও গুনাইগাছা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন— উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ূন কবির, গুনাইগাছা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল হোসেন ও ছাত্রলীগের সক্রিয় সদস্য বড়শালিকা গ্রামের রাশেদুল ইসলাম।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান, চাটমোহরে নাশকতার উদ্দেশ্যে হরিপুর ও গুনাইগাছা এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিষয়টি জানার পর অভিযান চালায়। এ সময় হরিপুর এলাকা থেকে হুমায়ূনকে এবং গুনাইগাছা এলাকা থেকে রাসেল ও রাশেদুল ইসলামকে আটক করা হয়।
ওসি আরও জানান, আটকদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান। তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। রোববার সকালে তাদের আদালতে হাজির করা হবে।















