পাবনায় আ.লীগ-বিএনপি সংঘর্ষের জেরে ওসি প্রত্যাহার, থমথমে পরিস্থিতি

পাবনা প্রতিনিধি
ওসি নয়ন কুমার সরকার। ছবি: সংগৃহীত
ওসি নয়ন কুমার সরকার। ছবি: সংগৃহীত

পাবনার বেড়া পৌর এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে। তার জায়গায় পাবনা সদর সার্কেলের পরিদর্শক গোলাম মোস্তফাকে নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় জেলা পুলিশের পক্ষ থেকে এ আদেশ দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন পুলিশ সুপার আবু আশ্রাফ। এদিকে সংঘর্ষের পর এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় বেড়া উপজেলা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১১টার দিকে বেড়া পৌর এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দফায় দফায় চলা সংঘর্ষ সন্ধ্যার দিকে থামে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেলেও তাদের সঠিক সংখ্যা ও পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। গুরুতর আহত জিসান (১৫) নামের এক কিশোরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

পুলিশ সুপার আবু আশ্রাফ বলেন, ওসি নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে। নতুন করে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

আহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে পুলিশ সুপার বলেন, একটি ছেলে আহত হওয়ায় চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হচ্ছে বলে জানতে পেরেছি। এ ছাড়া আহত বা নিহতের সঠিক সংখ্যা এখনো আমাদের জানা নেই। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগও দেয়নি। কোনো আটকও নেই।

স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট সূত্রগুলোর ভাষ্য, গত বৃহস্পতিবার থেকে বিএনপি ও আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল এবং পালটাপালটি ধাওয়াকে কেন্দ্র করে পৌর এলাকার পায়না, হাতিগাড়া, বৃশালিখা, স্যানালপাড়া ও সওদাগরপাড়াসহ কয়েকটি মহল্লায় উত্তেজনা চলছিল। এর জেরে গত দুই দিনে উভয় পক্ষের কয়েকটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বেড়া থানার সামনে বিক্ষোভ করেন আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা। এ সময় বিএনপি ও ছাত্রদলের কর্মী-সমর্থকরা তাদের ধাওয়া দিলে সংঘর্ষ বাধে। পরে সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতে আগুন দেওয়া হয়।

চলমান অস্থিরতা নিয়ন্ত্রণে শনিবার সকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা হয়। এতে স্থানীয় সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশ্রাফ, স্থানীয় বিএনপির নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সভা শেষে ওসি নয়ন কুমার সরকার হাতিগাড়া এলাকায় পরিস্থিতি দেখতে গেলে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। এ সময় ঘটনার ভিডিও ধারণ করতে গেলে এক সংবাদকর্মীকে লাঞ্ছিত করা হয় এবং তার ক্যামেরা ভাঙচুর করা হয়।

এরপর বৃশালিখা মহল্লায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বাড়ির সামনে বিএনপি ও আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে আবার সংঘর্ষ শুরু হয়। পরে তা আশপাশের কয়েকটি মহল্লায় ছড়িয়ে পড়ে। সন্ধ্যার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad