ঋণ না পেয়ে ব্যাংক লুটের পরিকল্পনা, ভল্ট ভাঙার সময় ধরা

ময়মনসিংহ প্রতিনিধি
গ্রেপ্তার কাওসার আহমেদ। ছবি: সংগৃহীত
গ্রেপ্তার কাওসার আহমেদ। ছবি: সংগৃহীত

দুই লাখ টাকা ঋণ নিতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কৃষি ব্যাংকের একটি শাখায় গিয়েছিলেন কাওসার আহমেদ। ঋণ না পেয়ে ব্যাংকের ভল্ট থেকে টাকা লুটের পরিকল্পনা করেন তিনি। বুধবার গভীর রাতে ব্যাংকে ঢুকে নিরাপত্তাকর্মীকে বেঁধে ভল্টের তালা ভাঙার চেষ্টা করেন এই তরুণ। তবে শেষ পর্যন্ত ধরা পড়েন।

পেশায় বৈদ্যুতিক মিস্ত্রি কাওসার বুধবার রাত সাড়ে ৩টার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী বাজারে কৃষি ব্যাংকের শাখাটিতে যান। ছুরির ভয় দেখিয়ে নিরাপত্তাকর্মীকে বেঁধে ফেলার পর ভল্টের তালা ভাঙার চেষ্টা করেন তিনি। এ সময় তার উপস্থিতি টের পেয়ে নিরাপত্তাকর্মী চিৎকার শুরু করলে বাজারের পাহারাদার, টহল পুলিশ ও স্থানীয় লোকজন এসে তাকে আটক করেন।

ব্যাংকে চুরির চেষ্টার ঘটনায় শাখার কর্মকর্তা নাজমুল হক বৃহস্পতিবার বিকেলে বাদী হয়ে থানায় অভিযোগ দেন। পরে অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।

মামলা নথিভুক্ত হওয়ার পরে কাওসার আহমেদকে গ্রেপ্তার দেখায় পুলিশ। তিনি উপজেলার সোহাগী ইউনিয়নের বৃ-কাঁঠালিয়া গ্রামের কৃষক রতন মিয়ার ছেলে। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঋণ না পেয়ে ভল্টের তালা ভেঙে টাকা লুটের পরিকল্পনার কথা স্বীকার করেছেন।

ব্যাংকের নিরাপত্তাকর্মী মাজহারুল ইসলাম (সাগর) বলেন, ‘গভীর রাতে গেটের তালা ভেঙে এক যুবক ব্যাংকের ভেতরে ঢুকে ডাকাডাকি শুরু করেন। আমি তখন ঘুমিয়ে ছিলাম। টাকা কোথায় রাখা হয়েছে, তা জানতে চান। ছুরি দিয়ে আঘাত করার ভয় দেখিয়ে আমাকে রশি দিয়ে বেঁধে ফেলে। এরপর ওই যুবক ভল্টের তালা ভাঙার চেষ্টা করেন।’

মাজহারুল ইসলাম আরও বলেন, হাত-পায়ের বাঁধন কিছুটা ঢিলেঢালা থাকায় তিনি নিজেকে মুক্ত করে নিচে নেমে চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে বাজারের পাহারাদার, টহল পুলিশ ও স্থানীয় লোকজন এসে কাওসারকে আটক করেন।

ব্যাংকের ব্যবস্থাপক ইকবাল হোসেন বলেন, নিরাপত্তাকর্মীর বুদ্ধিমত্তায় ওই যুবককে আটক করা সম্ভব হয়েছে। এ ঘটনায় ব্যাংকের কোনো টাকা খোয়া যায়নি। ভল্টেরও কোনো ক্ষতি হয়নি। তিনি দাবি করেন, ওই যুবক (কাওসার) ব্যাংকে কখনো ঋণের জন্য আসেননি।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন বলেন, কাওসার পুলিশের কাছে জানিয়েছেন, তার প্রায় দুই লাখ টাকা ঋণ রয়েছে। কয়েক মাস আগে বিয়ের সময় তিনি এই ঋণ করেছিলেন। কৃষি ব্যাংকে ঋণ নিতে গিয়ে তা না পেয়ে ভল্ট থেকে টাকা চুরির পরিকল্পনা করেন।

ওসি আরও বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। এর সঙ্গে আরও কেউ জড়িত আছেন কি না, তা জানতে কাওসারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad