মানিকগঞ্জে সেলফি বাসের ধাক্কায় ইজিবাইকের ২ যাত্রী নিহত

মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহনের একটি বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকের চালক গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন— ঘিওর উপজেলার মৌহালী গ্রামের মো. সাহানের ছেলে ইয়াসিন (২২) ও মোজাহারের ছেলে বাবলু (২৮)। আহত ইজিবাইকচালকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাটুরিয়া থেকে ঢাকাগামী সেলফি পরিবহনের একটি বাস বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ঘিওরের মৌহালী গ্রাম থেকে যাত্রী নিয়ে বরংগাইল হাটের দিকে যাওয়া ইজিবাইকটিকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই ইজিবাইকের এক যাত্রী নিহত হন। গুরুতর আহত অপর যাত্রীকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। দুর্ঘটনায় ইজিবাইকের চালকও গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়।
বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, ‘দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’














