ঈশ্বরগঞ্জে ১৪ ফুট উচ্চতার দুর্গাপ্রতিমা ঘিরে দর্শনার্থীদের ভিড়

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উদ্যোগী যুবসংঘের মণ্ডপে ১৪ ফুট উচ্চতার দেবী দুর্গার প্রতিমা। ছবি: রাজনীতি ডটকম
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উদ্যোগী যুবসংঘের মণ্ডপে ১৪ ফুট উচ্চতার দেবী দুর্গার প্রতিমা। ছবি: রাজনীতি ডটকম

যে সংগঠনের উদ্যোগে পূজার আয়োজন করা হয় সেই সংগঠনের বয়স ১৪ বছর। তাই এ বছর সংগঠনের সদস্যরা ব্যতিক্রম আয়োজন করে ভক্ত ও দর্শনার্থীদের প্রশংসা কুড়িয়েছেন। এ বছর দুর্গাপ্রতিমা গড়লেন ১৪ ফুট উচ্চতার। আয়োজকরা বলছেন এটি ময়মনসিংহ জেলার সবচেয়ে বড় দুর্গাপ্রতিমা।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় এই ব্যতিক্রমধর্মী আয়োজন ঘিরে দুর্গাপূজায় বাড়তি আকর্ষণ তৈরি হয়েছে। সংগঠনের নাম ‘উদ্যোগী যুবসংঘ’, সংক্ষেপে উযুস। তাদের তৈরি ১৪ ফুট উচ্চতার দুর্গাপ্রতিমাটি একনজর দেখার জন্যে আশপাশের বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা।

২০১২ সালের ১ নভেম্বর ৭১ জন সদস্য নিয়ে যাত্রা শুরু হয় উদ্যোগী যুব সংঘ নামে সামাজিক সংগঠনটির। ২০১৩ সাল থেকে সংগঠনটি নিয়মিতভাবে দুর্গাপূজা আয়োজন করে আসছে। সংগঠনের ১৪ বছর পূর্তি উপলক্ষ্যে এবার প্রতিমার উচ্চতা ১৪ ফুট নির্ধারণ করেন আয়োজকেরা। প্রতিমার পাশাপাশি মণ্ডপের সাজসজ্জা ও সার্বিক আয়োজনেও রাখা হয়েছে নানা বিশেষত্ব।

আয়োজকরা জানান, জেলার বিভিন্ন স্থানে যোগাযোগ করে তারা জানতে পেরেছেন, তাদের মণ্ডপেই তৈরি করা হয়েছে জেলার সবচেয়ে বড় দুর্গাপ্রতিমা। এ খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমেও। ফলে পূজার আয়োজন ঘিরে স্থানীয়দের পাশাপাশি দূরদূরান্তের মানুষের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে।

প্রতিমাটি তৈরিতে ব্যবহার করা হয়েছে মাটি, খড়, বাঁশ, কাঠ ও পাটের রশি। এর নির্মাণকাজ শেষ করতে টানা ১২ দিন সময় দিয়েছেন নেত্রকোনার প্রতিমা কারিগর তপন পাল। প্রায় ১৮ বছর ধরে প্রতিমা তৈরির সঙ্গে যুক্ত এই শিল্পী তার এক নিকটাত্মীয়ের হাত ধরে এ পেশায় আসেন। তার কাছে প্রতিমা নির্মাণ শুধু জীবিকা নয়, বরং পারিবারিক ঐতিহ্য ধরে রাখারও একটি মাধ্যম।

প্রতিমা শিল্পী তপন পাল বলেন, প্রতিমা তৈরিতে ধৈর্য ও মনোযোগ সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিটি ধাপে যত্ন নিয়ে কাজ করতে হয়। প্রতিমার আকার যত বড় হয়, স্বাভাবিকভাবেই পরিশ্রমও তত বেড়ে যায়।

সংগঠনের সভাপতি সুদীপ্ত সাহা অমিত বলেন, প্রতিবছরই তারা পূজায় নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করেন। সংগঠনের ১৪ বছর পূর্তি উপলক্ষ্যে এবার ১৪ ফুট উচ্চতার প্রতিমা নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়। প্রতিমার পাশাপাশি মণ্ডপের সাজসজ্জাতেও রাখা হয়েছে বিশেষ বৈচিত্র্য।

সংগঠনের সাধারণ সম্পাদক অজয় গৌড় বলেন, বড় প্রতিমাকে কেন্দ্র করে এবারের পূজাকে আরও আকর্ষণীয় করে তোলার প্রস্তুতি নেওয়া হয়েছে। মণ্ডপের সাজসজ্জা থেকে শুরু করে সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। দর্শনার্থীদের ভিড় সামাল দিতে সংগঠনের ১৩০ জন সদস্যকে নিয়ে গঠন করা হয়েছে স্বেচ্ছাসেবক দল। পাশাপাশি দর্শনার্থীদের জন্য খিচুড়ি ও নানা প্রসাদের ব্যবস্থা রাখা হয়েছে।

স্থানীয় বাসিন্দা সুমন বণিক বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ১৪ ফুটের প্রতিমার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীদের ভিড় বাড়তে শুরু করেছে। প্রতিমাটি নিয়ে স্থানীয়দের মধ্যে বেশ আগ্রহ দেখা যাচ্ছে।

দর্শনার্থী অপু বলেন, এত বড় দুর্গাপ্রতিমা কাছ থেকে দেখতে পেরে ভালো লাগছে। সংগঠনের ১৪ বছর পূর্তি উপলক্ষ্যে ১৪ ফুটের প্রতিমা তৈরির বিষয়টি সত্যিই ব্যতিক্রমী। প্রতিমার কারুকাজ ও মণ্ডপের আয়োজন দেখতে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছেন। এমন আয়োজন ঈশ্বরগঞ্জের দুর্গাপূজাকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement