ডাকাতির মামলা নেয়নি পুলিশ, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
বসতবাড়িতে হামলাকারী মুখোশধারীদের গ্রেপ্তারের দাবিতে বুধবার বিকেলে নান্দাইল উপজেলার বাংলাবাজারে মানববন্ধন করেন ভুক্তভোগী পরিবারসহ এলাকাবাসী। ছবি: রাজনীতি ডটকম
বসতবাড়িতে হামলাকারী মুখোশধারীদের গ্রেপ্তারের দাবিতে বুধবার বিকেলে নান্দাইল উপজেলার বাংলাবাজারে মানববন্ধন করেন ভুক্তভোগী পরিবারসহ এলাকাবাসী। ছবি: রাজনীতি ডটকম

গভীর রাতে বসতবাড়িতে মুখোশধারীদের হামলার ঘটনায় ভুক্তভোগী পরিবার ডাকাতির অভিযোগে মামলা করতে গেলে মামলা নেয়নি থানা। পুলিশ বলছে, তারা এ ঘটনার প্রাথমিক তদন্তে ডাকাতির প্রমাণ পায়নি। এ অবস্থায় ভুক্তভোগী পরিবার জেলা পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করে ডাকাতির মামলা নেওয়ার অনুরোধ করবে বলে জানিয়েছে।

এদিকে মুখোশধারীদের হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদ জানিয়ে অপরাধীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার পাছবাড়িয়া, বিয়ারা, গোপীনাথপুর ও বনুড়া গ্রামের শতাধিক মানুষ। মানববন্ধন শেষে তারা চোর-ডাকাতদের গ্রেপ্তারের দাবিতে স্লোগান দিয়ে মিছিল করেন।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের বাংলাবাজারে এই মানববন্ধন করেন এলাকাবাসী। এর আগে গত গত শনিবার (১৭ অক্টোবর) গভীর রাতে পাছবাড়িয়া গ্রামের লুৎফুর রহমান ওরফে সুমনের বাড়িতে একদল মুখোশধারী ব্যক্তি হামলা চালায়। মুখোশধারীরা লুৎফুর রহমানকে মারধর করেন। এতে তার বাম হাঁটুর নিচে ভেঙে যায়, শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।

গুরুতর আহত লুৎফুর রহমান কিশোরগঞ্জের একটি হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের সদস্যদের অভিযোগ, তাকে মারধরের পর বাড়িতে থাকা নারীদের ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে সোনার অলংকার ও নগদ টাকা লুটপাট করে নিয়ে যায় মুখোশধারীরা।

এ ঘটনায় লুৎফুর রহমানের স্ত্রী সেতারা আক্তার বাদী হয়ে নান্দাইল মডেল থানায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে লিখিত অভিযোগ জমা দেন। কিন্তু বাদীর অভিযোগ, তার এজাহারটি পুলিশ ‘ডাকাতির মামলা’ হিসেবে গ্রহণ করছে না।

নান্দাইল মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, ডাকাতির অভিযোগ পেয়ে তিনি থানা থেকে তিন পুলিশ কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠিয়েছেন। তারা তদন্ত করে জানিয়েছেন ঘটনাটি ডাকাতি নয়। তাই ডাকাতির মামলা নেওয়ার সুযোগ নেই।

পুলিশের ডাকাতির অভিযোগ গ্রহণ না করায় ক্ষোভ জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা। তাদের মধ্যে অলি উল্লাহ নামে একজন বলেন, গভীর রাতে বাড়িতে প্রবেশ করে মারধর ও লুটপাটের মতো ঘটনাকে ডাকাতি ছাড়া কী বলা যাবে? এ ঘটনার বিচার না হলে অপরাধীরা আরও বড় ধরনের ঘটনা ঘটানোর সাহস পাবে।

মুখোশধারীদের হামলায় আহত লুৎফুর ও তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, তারা বৃহস্পতিবার পুলিশ সুপারের (এসপির) সঙ্গে দেখা করে মুখোশধারীদের হামলা ও লুটপাটের কথা জানিয়ে ডাকাতির মামলা দায়েরের অনুরোধ জানাবেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad