বাসের নিচে অটোরিকশা, নিহত ৩

জামালপুর সদরে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দিয়েছে একটি যাত্রীবাহী বাস। এতে দুর্ঘটনাস্থলেই নিহত হয়েছেন তিনজন। গুরুতর আহত হয়েছেন আরও দুজন। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।
সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ-জামালপুর মহাসড়কে জামালপুর সদর উপজেলার লাহাড়িকান্দা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর থেকে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সন্ধ্যায় জামালপুর থেকে ঢাকাগামী রাজিব পরিবহনের একটি বাসের সঙ্গে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি উলটে অটোরিকশার ওপর পড়ে। দুর্ঘটনাস্থলেই প্রাণ যায় তিনজনের। আরও দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত দুজনকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। বাসটি মহাসড়কে উলটে পড়ে থাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। উদ্ধারে কাজ চলছে।

















