নেত্রকোনায় যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

নেত্রকোনার সদর উপজেলায় নিজ বাসা থেকে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জমি-সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
রোববার (২৬ জুলাই) সকালে নেত্রকোণা মডেল থানার পুলিশ তার মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের।
নিহত মাসুল ওরফে মাহফুল (৩৫) সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতী ইউনিয়নের দুআনী দুধকুড়া (পশ্চিমপাড়া) গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতের খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যান মাহফুল। রোববার ভোরে তার মা ঘুম থেকে উঠে ছেলের ঘরের দরজা খোলা দেখতে পান। ওই সময় এলাকায় বিদ্যুৎ ছিল না। টর্চের আলো ফেলে ঘরে ঢুকে তিনি ছেলেকে গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসেন।
ওসি আবুল খায়ের জানান, শনিবার দিবাগত রাত ১২টার পর থেকে রোববার ভোর ৫টার মধ্যে যেকোনো সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশের ভাষ্য, প্রাথমিক তদন্তে একই গ্রামের বাসিন্দা শফিকুল ইসলামের সঙ্গে দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধের বিষয়টি সামনে এসেছে। সেই বিরোধের জেরেই হত্যাকাণ্ড ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
খবর পেয়ে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।


















