ঈশ্বরগঞ্জে সড়ক সংস্কারে পুরনো ইট ব্যবহারের অভিযোগ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ঈশ্বরগঞ্জে সড়ক সংস্কার ও নির্মাণ কাজে পুরনো ইটসহ নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ করেছেন স্থানীয়রা। ছবি: রাজনীতি ডটকম
ঈশ্বরগঞ্জে সড়ক সংস্কার ও নির্মাণ কাজে পুরনো ইটসহ নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ করেছেন স্থানীয়রা। ছবি: রাজনীতি ডটকম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রায় দুই কোটি টাকার একটি সড়ক সংস্কার ও নির্মাণ কাজে পুরনো ইটসহ নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স বিবি এন্টারপ্রাইজ কাজের সিডিউল অমান্য করে নিজের মতো করে নিম্নমানের উপকরণ ব্যবহার করছে বলে অভিযোগ স্থানীয়দের। এ নিয়ে তাদের ক্ষোভ প্রকাশের পাশপাশি ঠিকাদারের লোকজনের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ার ঘটনাও ঘটছে।

উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অফিস সূত্রে জানা যায়, মাইজবাগ বাজার থেকে নবাবগঞ্জ বাজার পর্যন্ত প্রায় ৪ হাজার ৩২০ মিটার সড়ক সংস্কার ও নির্মাণ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ১ কোটি ৬৬ লাখ টাকা। প্রকল্পের আওতায় ২২৭ মিটার প্যালাসাইটিং (পার্শ্ব দেয়াল) ও একটি ইউ ড্রেন নির্মাণের কথা রয়েছে।

স্থানীয় বাসিন্দা নয়ন মিয়া জানান, ‘পুরনো রাস্তাটি বাঁধাইয়ের জন্য যে ইটগুলো ব্যবহার করা হয়েছিল, সেগুলো পুনরায় নতুন রাস্তার কাজে ব্যবহার করা হচ্ছে। ঠিকাদার জানিয়েছে প্রতি এক লাখ ইটের মধ্যে প্রায় ৪০ হাজার ইট পুরনো হবে। এতে রাস্তার মান ঠিক থাকবে না বলে মনে হচ্ছে আমাদের।’

গ্রামের বাসিন্দারা আরও অভিযোগ করেছেন, উপজেলা এলজিইডি অফিসের কিছু অসাধু কর্মকর্তা ঠিকাদারকে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করার সুযোগ করে দিচ্ছেন। ফলে সড়কের সংস্কার কাজে সরকারি অর্থ ব্যয় হলেও সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সুবিধা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করছেন।

তবে পুরনো ইট ব্যবহার প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে উপজেলা এলজিইডি অফিসকে অবহিত করেই তা ব্যবহার করা হচ্ছে বলে জানান দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স বিবি এন্টারপ্রাইজের প্রতিনিধি রাসেল মিয়া।

অন্যদিকে রাস্তাটির পুরনো ইট ভেঙে খোয়া বানিয়ে সেগুলো ব্যবহার করার কথা রয়েছে বলে জানান সংস্কার কাজ তদারকির দায়িত্বে থাকা এলজিইডির কার্য-সহকারী মো. রেজাউল করিম।

এ বিষয়ে উপজেলা এলজিইডি প্রকৌশলী মোজাম্মেল হোসেন বলেন, রাস্তা নির্মাণ কাজে সিডিউল বহির্ভূত বা নিম্নমানের কোনো উপকরণ ব্যবহারের সুযোগ নেই। কোথাও এমন অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত করে দেখা হবে। অভিযোগ প্রমাণিত হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement