ঢাবিসহ রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ফার্মগেটে বাসে আগুন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
(বাঁয়ে) ঢাকার ফার্মগেটে ও (ডানে) গাজীপুরের চন্দ্রায় যাত্রীবাহী বাসে আগুন। ছবি: সংগৃহীত
(বাঁয়ে) ঢাকার ফার্মগেটে ও (ডানে) গাজীপুরের চন্দ্রায় যাত্রীবাহী বাসে আগুন। ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা অব্যাহত রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালত থেকে শুরু করে সোমবার (৯ নভেম্বর) অন্তত আটটি স্থানে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এ ছাড়া ফার্মগেটে একটি বাসে আগুন দেওয়া হয়েছে। মিরপুর বাঙলা কলেজ এলাকায় কয়েকটি দোকানেও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন দেওয়া হয়েছে পোস্তাগোলা ব্রিজে দাঁড়িয়ে থাকা একটি সিলিন্ডারবাহী ভ্যানেও।

ঢাকার বাইরেও মানিকগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বাসে আগুন দেওয়ার আরেকটি ঘটনা ঘটেছে গাজীপুরে।

পুলিশ জানিয়েছে, সোমবার ঢাকার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় অন্তত পাঁচজনকে আটক করা হয়েছে। এ ছাড়া গত কয়েকদিনের ককটেল বিস্ফোরণের ঘটনায় রোববার (৮ নভেম্বর) রাত থেকে সোমবার সকাল পর্যন্ত অন্তত ১৫ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার প্রথম ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায় রাজধানীর মহাখালী এলাকায়। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন জানান, সকাল ৬টার দিকে মোটরসাইকেলে করে এসে দুই দুর্বৃত্ত ফ্লাইওভারের ওপর থেকে একটি ককটেল নিক্ষেপ করে। সেটি আমতলী এলাকায় পড়ে বিস্ফোরিত হয়। এতে কেউ হতাহত হয়নি।

কিছুক্ষণ পরই সকাল সোয়া ৬টার দিকে বনশ্রীর জি-ব্লকে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানিয়েছেন, ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শ্রাবণ ও রবিন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী।

বিকেল সাড়ে ৫টার দিকে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে। ঘটনাস্থল থেকে আরও একটি তাজা ককটেল উদ্ধার করা হয়। এ ঘটনায় হাতেনাতে দুজনকে আটক করার পাশাপাশি তাদের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপকমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল জানিয়েছেন, ঘটনার পরপরই উপস্থিত জনতা ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে সুকুমার হালদার (২৫) ও ফয়সাল (২৫) নামে দুজনকে আটক করেন। তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়। পরে মোটরসাইকেলসহ দুজনকে আদালতের প্রসিকিউশন বিভাগের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

রোববারের পর সোমবার সন্ধ্যাতেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। টিএসসির মেট্রো স্টেশনের নিচে ব্যাগভর্তি অবিস্ফোরিত ককটেলও পাওয়া গেছে। এ ঘটনায় শিক্ষার্থীরা হাতেনাতে একজনকে আটক করে প্রক্টরিয়াল টিমের কাছে হস্তান্তর করেন। পরে তাকে শাহবাগ থানায় নেওয়া হয়।

ঢাবি প্রক্টর অধ্যাপক ড. ইসরাফিল রতন বলেন, সন্ধ্যা পৌনে ৭টার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনার পর শিক্ষার্থীরা একজনকে আটক করেছিল। শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে প্রক্টরিয়াল টিম তাকে শাহবাগ থানায় সোপর্দ করেছে। তার নাম-পরিচয় এখনো জানা যায়নি। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।

কাছাকাছি সময়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ইবনে মিজান জানিয়েছেন, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার সন্ধ্যায় মিরপুরে সরকারি বাঙলা কলেজ ক্যাম্পাসের প্রধান ফটকের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ফটকের পাশে থাকা কয়েকটি দোকানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ বলছে, কারা এ ঘটনার সঙ্গে জড়িত বা আগুনে দোকানগুলোর কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে— এসব তথ্য তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

এ ছাড়া উত্তরায় শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয় ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটির সামনে ককটেল বিস্ফোরণের পৃথক ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হননি। কে বা কারা ককটেলগুলো বিস্ফোরণ ঘটিয়েছে, তাও জানা সম্ভব হয়নি। একই সময়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনেও ককটেল নিক্ষেপের খবর পাওয়া গেছে। তবে ককটেলটি বিস্ফোরিত হয়নি।

যাত্রীবাহী বাস-সিলিন্ডারবাহী ভ্যানে আগুন

এদিকে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা লাব্বাইক পরিবহনের একটি বাসের এক পাশে আগুন দেয় দুর্বৃত্তরা। মোহাম্মদপুর ফায়ার স্টেশনের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়, যাত্রীদেরও স্টেশন থেকে সরিয়ে নেওয়া হয়।

ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রোজিনা ইসলাম জানান, সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে বাসটিতে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট পাঠানো হয়। ইউনিটগুলো গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করার সময় বাসে চালক ও চালকের সহকারী বা যাত্রীদের কেউ ছিলেন না।

মেট্রোরেল পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র জানিয়েছে, মেট্রো স্টেশনের ডিজেল জেনারেটরের ঠিক পাশেই বাসে আগুন দেওয়া হয়। এতে ধোঁয়া স্টেশনের ভেতর ঢুকে গেলে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। যাত্রীরা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। নিরাপত্তার স্বার্থে স্টেশনটি প্রায় আধা ঘণ্টা বন্ধ রাখা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে সন্ধ্যা ৭টা ২ মিনিটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়।

এ ছাড়া সন্ধ্যা পৌনে ৭টার দিকেই দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় পোস্তগোলা ব্রিজে দাঁড়িয়ে থাকা একটি গ্যাস সিলিন্ডারবাহী ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। পুলিশ বলছে, ভ্যানচালক ব্রিজের মাঝামাঝি এলাকায় ভ্যানটিতে আগুন লাগিয়ে দ্রুত দৌড়ে পালিয়ে যান।

খবর পেয়ে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে পোস্তগোলা ফায়ার সার্ভিস ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ভ্যানটিতে একটি খালি গ্যাস সিলিন্ডার ও নারিকেলের ছোবড়ার তৈরি একটি সোফা ছিল। এতে আগুন দিলেও কেউ হতাহত হয়নি।

ঢাকার বাইরেও ককটেল-বাসে আগুন

কেবল ঢাকা নয়, ঢাকার বাইরেও ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে চলেছে। এর মধ্যে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুরের চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দাঁড়িয়ে থাকা আজমেরী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। অন্যদিকে সন্ধ্যা পৌনে ৭টার দিকে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মোটরসাইকেলে করে এসে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা বাস স্টেশন এলাকার কাজলী ফার্মের পাশে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাস পুড়ে গেছে। কীভাবে আগুনের ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি।

অন্যদিকে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। কে বা কারা ককটেল মেরেছে, তা শনাক্ত করতে কাজ চলছে।

ককটেল বিস্ফারণ-পুলিশের ওপর হামলায় গ্রেপ্তার ১৫

এদিকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে হামলার ঘটনায় একাধিক অভিযানে মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার দিবাগত রাত পৌনে ২টায় রাজধানীর রুপনগর থানার সামনে ককটেল ফাটিয়ে পালিয়ে যাওয়ার সময় আশরাফুল (২৭) নামে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের এক সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করে রুপনগর থানা পুলিশ। সোমবার সকালে বনশ্রীর ককটেল বিস্ফোরণের ঘটনায় শ্রাবণ সরদার (২০) ও রবিন (২৭) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) ক্যান্টনমেন্ট থানার গলফ ক্লাবের সামনে পুলিশকে লক্ষ্য করে ককটেল হামলার ঘটনায় ক্যান্টনমেন্ট থানা পুলিশ চারজন, গোয়েন্দা পুলিশ (ডিবি) পাঁচজন ও এসআরইউ তিনজনকে গ্রেপ্তার করেছে।

প্রতিবেদনটি তৈরিতে তথ্য দিয়েছেন রাজনীতি ডটকমের গাজীপুর ও মানিকগঞ্জ প্রতিনিধি

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad