ফতুল্লায় মাদরাসায় আগুন: ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৪ জনের অবস্থা গুরুতর

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১০: ৪৭
সোমবার দিবাগত রাত ২টার দিকে সাইনবোর্ড এলাকার জামিয়া আশরাফিয়া মাদরাসায় আগুন লাগে। ছবি: সংগৃহীত
সোমবার দিবাগত রাত ২টার দিকে সাইনবোর্ড এলাকার জামিয়া আশরাফিয়া মাদরাসায় আগুন লাগে। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি মাদরাসায় অগ্নিকাণ্ডে ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। তাদের একজনকে লাইফ সাপোর্ট রাখা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে সাইনবোর্ড এলাকার জামিয়া আশরাফিয়া মাদরাসায় আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানান, হাসপাতালে ভর্তি ৬৩ শিক্ষার্থীর মধ্যে ইউসুফ (১৮), খাইরুল (২২) ও জোবায়েরসহ (১৮) চারজনকে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে নেওয়া হয়েছে।

অসুস্থ অন্য শিক্ষার্থীদেরর বয়স ১৩ থেকে ২৯ বছরের মধ্যে। তাদের মধ্যে রয়েছে— নাইমুল ইসলাম (১৫), তানভীর (২১), নাঈম (১৫), হাসনাত (২২), আবিদ (১৭), আশরাফুল (১৭), লাবিব (২২), হেমায়েত (২৩), আবদুল্লাহ (১৪), মঈনুল ইসলাম (২০), মাহাতির (১৩), আব্দুল আজিজ (১৮), রাশেদ (১৮), আয়াতুল্লাহ (১৭), ফয়েজুল্লাহ (১৪), বায়েজিদ (১৬), ইউসুফ (২০), আমিনুল্লাহ (১৮), নাজমুল (১৬), মেরাজ (১৮), মাহাতির (১৩), আব্দুল আজিজ (১৮), মঈনুল (২০), তানভীর (১৮), আলী আমিন (১৭), জুবায়ের (১৭), রাকিব (১৭), আশিক (১৭), আবদুল্লাহ (১৩), রিফাতুল্লাহ (২৯), লোকমান (২৭), মোহাম্মদ (২১), হুজাইফা (১৯), আলী হাসান (২৪), সিরাজ (২৫), রেদোয়ান (১৬), তাফসীর (১৪), রাকিবুল (২২), ইসমাইল (২১), আবদুস শাকিল (১৫), মাহফুজ (১৮), আবু বক্কর (২১), আবদুল্লাহ রায়হান (১৭), জুবায়ের (১৭) ও রাকিব (১৭)।

মাদরাসা সূত্র জানায়, মাদরাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত লাইব্রেরি ও অফিসকক্ষে আগুন লাগে। প্রায় চার হাজার বর্গফুট আয়তনের ওই দুটি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের তিনটি এবং শিবু মার্কেট মডার্ন ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাহজাহান জানান, রাত ১টা ৫৫ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। রাত ৩টা ৪৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

উদ্ধারকারীদের বরাতে ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, আগুন লাগার মুহূর্তের মধ্যে ভবনের বিভিন্ন স্থানে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এ সময় ভবনে অবস্থানরত শিক্ষার্থীদের মধ্যে তীব্র আতঙ্ক দেখা দেয়। তারা হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টা করে। এ সময় ধোঁয়ায় বেশ কয়েকজনের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়।

সুলতান মাহমুদ শিকদার আরও বলেন, ‘কোনো শিক্ষার্থীর শরীরে পোড়ার কোনো চিহ্ন নেই। প্রত্যেকেরই শ্বাসনালির সমস্যা হয়েছে। ধোঁয়ায় এ অবস্থা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে সবারই শ্বাসনালি ক্ষতিগ্রস্ত, তা নয়। আমরা কয়েকজনকে ছেড়ে দেওয়ার কথাও ভাবছি।’

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad