লগি-বৈঠা হাতে পদ্মা সেতু অবরোধ, শতাধিক ককটেল বিস্ফোরণ

‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দিয়ে লগি-বৈঠা হাতে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজা অবরোধ করেন একদল লোক। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে নাওডোবা এলাকায় এসব ঘটনা ঘটে বলে জানিয়েছেন পদ্মা দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল সালাম। এসব কর্মকাণ্ডে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ উঠেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, লগি-বৈঠা হাতে বিপুলসংখ্যক লোক টোলপ্লাজার সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেছেন। এতে পদ্মা সেতুর দুই প্রান্তে যানবাহন আটকা পড়ে। এ সময় একের পর এক ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। কয়েকটি গাড়ি ভাঙচুরের দৃশ্যও ভিডিওতে দেখা গেছে।
বিক্ষোভকারীদের ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ এবং ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর নামে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। তবে বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনায় কারা সরাসরি জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ফেসবুকে বিভিন্ন ব্যক্তির অ্যাকাউন্ট থেকে ঘটনাগুলোর সরাসরি সম্প্রচার করা হয়। তাদের মধ্যে সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছেলে দানিব বিন ইকবালও ছিলেন।
টোলপ্লাজায় কর্মরত একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় আধা ঘণ্টা ধরে অবরোধ চলে। এ সময় আতঙ্কে তারা কর্মস্থল ছেড়ে সরে যান। ফলে টোল আদায়ের কার্যক্রম বন্ধ হয়ে যায়।
অবরোধকারীরা বিভিন্ন দিক থেকে জড়ো হতে থাকলে পদ্মা সেতু দক্ষিণ থানার প্রধান ফটক বন্ধ করে পুলিশ সদস্যরা ভেতরে অবস্থান নেন বলে জানা গেছে।
ঘটনার বিষয়ে পদ্মা দক্ষিণ থানার ওসি আব্দুল সালাম বলেন, “হামলাকারীরা শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটায়। এরপর তারা অবরোধ, বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনা ঘটে। আমরা ভিডিও ফুটেজ দেখে আসামীদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা করছি।”










-d513b0.jpg)




