সুন্দরবনে ১১ জেলেকে ‘অপহরণ’, অভিযোগ ২ দস্যু বাহিনীর বিরুদ্ধে

সাতক্ষীরা প্রতিনিধি
সুন্দরবনে নৌকায় করে টহল দিচ্ছেন কোস্ট গার্ডের সদস্যরা। ফাইল ছবি
সুন্দরবনে নৌকায় করে টহল দিচ্ছেন কোস্ট গার্ডের সদস্যরা। ফাইল ছবি

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে মাছ ধরতে গিয়ে ১১ জেলে অপহরণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যা থেকে রোববার সকাল পর্যন্ত বিভিন্ন সময়ে জেলেদের অপহরণ করা হয় বলে দাবি স্বজনদের। শ্যামনগরের দুটি বনদস্যু বাহিনীর বিরুদ্ধে অপহরণের অভিযোগ করেছেন তারা।

এদিকে অপহৃত জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে বন বিভাগ ও কোস্ট গার্ড। সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক শাহিনুর ইসলাম বলেন, বন বিভাগের টহল দল সুন্দরবনের অভয়ারণ্যসহ বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে। তিনি বলেন, “বন বিভাগের একার পক্ষে বিশাল এই বনাঞ্চলে বনদস্যুদের তৎপরতা দমন ও অভিযান পরিচালনা করা কঠিন।”

অপহৃতরা জেলেরা হলেন— শ্যামনগর উপজেলার ডুমুরিয়া গ্রামের রুবেল, ইমরান ও খোরশেদ; ছোটভেটখালী গ্রামের নুরুজ্জামান; কালিঞ্চি গ্রামের সিদ্দিক গাজী ও জহুর আলী; সিংহড়তলী গ্রামের সুরাত আলী; মথুরাপুর গ্রামের লিয়াকত আলী এবং খুলনার কয়রা উপজেলার মোমিন মোড়ল, দিদারুল ও ইমরান।

তাদের স্বজনদের অভিযোগ, তিনজন করে জেলে কয়েকটি নৌকায় মাছ ধরছিলেন। প্রতিটি নৌকা থেকে কৌশলে একজন করে জেলেকে তুলে নিয়ে যায় দস্যুরা। তাদের প্রত্যেকের মুক্তির জন্য এক লাখ টাকা করে দাবি করা হয়েছে।

স্বজনদের দাবি, শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের আমির আলী ও দাতিনাখালী গ্রামের আলম সানার নেতৃত্বাধীন দুটি বনদস্যু বাহিনী এ অপহরণের সঙ্গে জড়িত।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম বলেন, “সাধারণত জিম্মি হওয়ার পর জেলেদের পরিবার নিজেদের উদ্যোগে গোপনে দস্যুদের সঙ্গে সমঝোতার চেষ্টা করে। এ কারণে মুক্তি পেয়ে ফিরে আসা অনেক জেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সঠিক তথ্য দিতে চান না।”

“তবে মুক্তিপণের টাকা লেনদেনে ব্যবহৃত মোবাইল নম্বরগুলোর মালিকদের শনাক্ত করে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ,” বলেন ওসি সাফিউল ইসলাম।

সুন্দরবনের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে এসআরবি-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ বলেন, “সুন্দরবনের দস্যুদের পেছনে কোনো সিন্ডিকেটের ইন্ধন থাকতে পারে। তারাই দস্যুদের অর্থায়ন, উৎসাহ দেওয়া এবং অস্ত্র ও গোলাবারুদ সংগ্রহে সহায়তা করছে।”

তিনি আরও বলেন, “দস্যুদের পক্ষে এককভাবে এসব অস্ত্র ও গোলাবারুদ সংগ্রহ করে বনে দস্যুতার কার্যক্রম পরিচালনা করা কঠিন। তাই এর পেছনে ইন্ধনদাতা রয়েছে।”

নিস্তার আহমেদ বলেন, “আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ দেওয়া হচ্ছে দস্যুদের। তবে সেই সুযোগ কাজে না লাগিয়ে যারা আবারও অপরাধের পথে হাঁটবেন, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।”

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad