টাঙ্গাইলে শিশুকে ধর্ষণ, মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ

টাঙ্গাইল প্রতিনিধি
আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ২২: ৪৭
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

টাঙ্গাইল শহরে সাড়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ২২ বছর বয়সী এক যুবকের বিরুদ্ধে। এ সময় শিশুটি বাধা দেওয়ায় তার মুখ ও নাক থেঁতলে দেওয়া হয়েছে। শিশুটি বর্তমানে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।

শুক্রবার সন্ধ্যায় শহরের বড় কালীবাড়ি মার্কেটের চতুর্থ তলার একটি নির্জন স্থানে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন।

হাসপাতালে শিশুটির মা জানান, তিনি একটি পার্লারে কাজ করেন। আদালতপাড়ার বাসিন্দা বিপ্লব (২২) নামের এক তরুণ ওই পার্লারে যাতায়াত করতেন।

শুক্রবার বিকেলে শিশুটি পার্লারের নিচে গেলে কিছুক্ষণ পর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি তিনি।

শিশুটির মা বলেন, কিছুক্ষণ পর বিপ্লব তিনটি চিপসের প্যাকেট নিয়ে তার কাছে আসেন। মেয়ের কথা জানতে চাইলে উলটাপালটা কথা বলে সেখান থেকে চলে যান তিনি।

তিনি বলেন, “পরে হাসপাতাল থেকে জানতে পারি, আমার মেয়ে ধর্ষিত হয়েছে। তাকে এক রিকশাচালক টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।” তিনি এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক আল আমিন সিদ্দিকী বলেন, “প্রাথমিকভাবে মেডিকেল টিমের সদস্যরা যে আলামত পেয়েছেন তাতে বলা যায়, শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। এ ছাড়া তার নাক ফেটে গেছে এবং ঠোঁট সেলাই করা হয়েছে।”

টাঙ্গাইল সদর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, “বিষয়টি শুনেছি। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। সন্দেহভাজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad