কুষ্টিয়ায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, কিশোর গ্রেপ্তার

কুষ্টিয়ায় বাসার সামনে এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় করা মামলায় এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকির হোসেন এ তথ্য জানিয়েছেন।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার পাটিকাবাড়ি গ্রামে অভিযান চালিয়ে ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়।
আহত ছাত্রী কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। পরিবারের সঙ্গে সে শহরের থানাপাড়া এলাকার একটি ভবনের তৃতীয় তলায় থাকে।
পুলিশ জানায়, সোমবার দুপুরে স্কুলের টেস্ট পরীক্ষা শেষে বাসায় ফেরে ওই ছাত্রী। বেলা ১টা ১০ মিনিটের দিকে বাসার ফটকের সামনে দাঁড়িয়ে কলবেল চাপছিল সে। এ সময় পেছন থেকে এক কিশোর ধারালো ছুরি দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে।
ছুরির আঘাত ঠেকাতে হাত দিয়ে চেষ্টা করার পাশাপাশি চিৎকার করতে থাকে মেয়েটি। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে ছুরি ফেলে পালিয়ে যায় ওই কিশোর।
পরে স্থানীয়দের সহায়তায় মেয়েটিকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে সোমবার রাতেই কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন।
ওসি মোহাম্মদ জাকির হোসেন বলেন, “ঘটনার পর থেকে ওই কিশোর ও তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে আধুনিক প্রযুক্তির সহায়তায় পুলিশ তাদের অবস্থান শনাক্ত করে।”
এর আগে ভুক্তভোগী ছাত্রীর বাবা সংবাদমাধ্যমের কাছে অভিযোগ করেন, এক তরুণ বেশ কিছুদিন ধরে স্কুলে যাওয়া-আসার পথে তার মেয়েকে বিরক্ত করতেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. ইকবাল হাসান বলেন, ওই কিশোরীর শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। সোমবার দুপুরে হাসপাতালে আনার পর নিবিড় পর্যবেক্ষণে রেখে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।
মঙ্গলবার সকাল থেকে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বর্তমানে সে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক ইকবাল হাসান।














