খাগড়াছড়িতে বিএনপি অফিসে আগুনের ঘটনায় আ.লীগের ১১ নেতাকর্মী আটক

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় বড়পিলাক বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আজ বুধবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে। একই দিন ভোরে খাগড়াছড়ি শহরের পানখাইয়াপাড়া সড়কে একটি চাঁদের গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ছাড়া খাগড়াছড়ি-দীঘিনালা ও খাগড়াছড়ি-মাটিরাঙ্গা সড়কের দুটি স্থানে গাছ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টির চেষ্টা করা হয়।
খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য এম এন আবছার এ ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী বলেন, বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনার পরপরই পুলিশ অভিযান শুরু করে। অভিযানে প্রথমে ছয়জন এবং পরে আরও পাঁচজনকে আটক করা হয়।
খাগড়াছড়ি সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বলেন, গতকাল ও আজ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১১ জনকে আটক করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।















