গোপালগঞ্জে এবার মোতায়েন ‘বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত’ আনসার

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দুই দফায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছিল সরকার। এবার এর সঙ্গে ‘বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত’ আরও আট প্লাটুন আনসার মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে আনসার বাহিনী এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। বিজিবি ও আনসার ছাড়াও বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করা রয়েছে এই জেলায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলায় আট প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে।
আনসার বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা নাজমুস সাকিব জানান, এসব সদস্য দাঙ্গা দমন ও মব নিয়ন্ত্রণে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত।
আনসার বাহিনী বলছে, মোতায়েন করা সুশৃঙ্খল ও বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরা জেলার গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা, প্রধান সড়ক-মহাসড়ক এবং স্পর্শকাতর পয়েন্টগুলোতে দায়িত্ব পালন করবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সুরক্ষা, সম্ভাব্য নাশকতা, অগ্নিসংযোগ ও ভাঙচুর প্রতিরোধ এবং জনসাধারণের স্বাভাবিক চলাচল অব্যাহত রাখতে সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাদের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে।
গোপালগঞ্জে দুই দিন ধরে চলমান বিক্ষোভ, ভাঙচুর, অগ্নিসংযোগ পরিস্থিতিতেই মূলত সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন করা হচ্ছে।















