গোপালগঞ্জ, গাজীপুর ও নারায়ণগঞ্জে ১৮ প্লাটুন আনসার মোতায়েন

শ্রমিক আন্দোলন ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় গোপালগঞ্জ, গাজীপুর ও নারায়ণগঞ্জে ১৮ প্লাটুন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
এর মধ্যে গোপালগঞ্জে আট প্লাটুন, গাজীপুরে ছয় প্লাটুন এবং নারায়ণগঞ্জে চার প্লাটুন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। মঙ্গলবার (১৭) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বাহিনীটি বলেছে, “জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা কিংবা রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধন, কোনো কিছুই বরদাশত করা হবে না। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা, জনশৃঙ্খলা বজায় রাখা এবং রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।”
এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এ ছাড়া ময়মনসিংহে মোতায়েন করা হয়েছে আরও দুই প্লাটুন বিজিবি।












