সাভার-গাজীপুর-নারায়ণগঞ্জে শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত, পুলিশের সঙ্গে সংঘর্ষ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
নারায়ণগঞ্জে পোশাকশ্রমিকদের বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের পর পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের শেল উলটো পুলিশের দিকে ছুঁড়ে মারছেন এক বিক্ষোভকারী। ৪ নভেম্বর ২০২৬। ছবি: রয়টার্স
নারায়ণগঞ্জে পোশাকশ্রমিকদের বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের পর পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের শেল উলটো পুলিশের দিকে ছুঁড়ে মারছেন এক বিক্ষোভকারী। ৪ নভেম্বর ২০২৬। ছবি: রয়টার্স

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে পোশাকশ্রমিকদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। আজ বুধবার সকালেও তিন এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ও পালটাপালটি ধাওয়ার ঘটনা ঘটেছে।

সাভারে পুলিশের একটি গাড়িতে আগুন দিয়েছেন পোশাকশ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে। এসব ঘটনায় কয়েকজন শ্রমিক ও পুলিশ সদস্য আহত হয়েছেন।

সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত

সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড়ে আজ সকালে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় হেমায়েতপুর-সিংগাইর সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন বিক্ষোভকারীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিপেটা ও কাঁদানে গ্যাস ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। একপর্যায়ে শ্রমিকরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন।

এ ঘটনায় সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামসহ কয়েকজন আহত হয়েছেন।

ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন বলেন, “সকালে পদ্মার মোড় এলাকায় দুই দিক থেকে ৩০ থেকে ৪০ হাজার শ্রমিক জড়ো হয়ে পুলিশের ওপর আক্রমণাত্মক হয়ে উঠলে পুলিশ প্রতিরোধ করে। এ সময় আন্দোলনকারীরা সাভার মডেল থানার ওসির গাড়িতে আগুন ধরিয়ে দেন। তাঁদের হামলায় ওসি গুরুতর আহত হন।”

গাজীপুরে থানার সামনে শ্রমিক-পুলিশ সংঘর্ষ

গাজীপুরে আজ সকাল পৌনে নয়টার দিকে চান্দনা চৌরাস্তা-শিববাড়ী সড়কের বাসন থানার সামনে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় দুই পক্ষের মধ্যে পালটাপালটি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়।

গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার বেলায়েত হোসেন বলেন, “শ্রমিকরা বাসন থানার দিকে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।”

সকাল থেকে শতাধিক শ্রমিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতির কারণে আশপাশের কয়েকটি কারখানা বন্ধ রাখা হয়। গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, বুধবার থেকে গাজীপুরের সব পোশাক কারখানা খোলার কথা ছিল।

এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুরে ১২ প্লাটুন বিজিবি, ৫ প্লাটুন আনসার ও ৮ প্লাটুন এসআরবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়া ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিভিন্ন এলাকায় দল কাজ করছে বলে জানিয়েছেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসেন।

ফতুল্লায় শ্রমিকদের সঙ্গে পুলিশের পালটাপালটি ধাওয়া

মজুরির বৃদ্ধির দাবিতে নারায়ণগঞ্জের ফতুল্লায়ও পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় পালটাপালটি ধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার সকালে সদর উপজেলার কাঠেরপুল এলাকায় এ ঘটনা ঘটে।

মাইক্রোফাইবার ও লিবার্টিসহ কয়েকটি কারখানার শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে বিক্ষোভ শুরু করেন। আশপাশের অন্য কারখানার শ্রমিকদেরও আন্দোলনে যোগ দিতে আহ্বান জানান তারা। এ সময় হাজীগঞ্জ-পোস্ট অফিস সড়কের কয়েকটি স্থানে আগুন জ্বালানো হয়।

বিক্ষোভকারীরা শিবু মার্কেটের দিকে যাওয়ার চেষ্টা করলে শিল্প পুলিশ ও থানা-পুলিশ তাদের বাধা দেয়। পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে।

শিল্প পুলিশ-৪-এর পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ বলেন, “মাইক্রোফাইবার কারখানার শ্রমিকেরা কারখানা থেকে বেরিয়ে আশপাশের অন্য কারখানার শ্রমিকদেরও বের করে আনার চেষ্টা করেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। আমরা যেকোনো মূল্যে শ্রমিকদের সড়ক অবরোধ করতে দেওয়া হবে না।”

দুপুর সাড়ে ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, আগের দুই দিনের সড়ক অবরোধের ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। পুলিশ বলেছে, কয়েকটি কারখানার শ্রমিকেরা পরে কাজে ফিরেছেন এবং পরিস্থিতি শান্ত রয়েছে।

এর আগে নারায়ণগঞ্জের শিবু মার্কেট ও জালকুড়ি এলাকায় শ্রমিকদের বিক্ষোভের কারণে প্রায় চার ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। গত বৃহস্পতিবার থেকে রাজধানীর মিরপুরেও শ্রমিকদের আন্দোলন চলছিল। সেখানে কয়েক দিন ধরে সড়ক অবরোধ, কর্মবিরতি, যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুলিশের সঙ্গে সংঘর্ষে কাঁদানে গ্যাস নিক্ষেপ ও আটকের ঘটনাও ঘটে।

বৃহস্পতিবার থেকে বিক্ষোভ অব্যাহত

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকায় উন্নীত করার দাবিতে পোশাকশ্রমিকরা গত বৃহস্পতিবার থেকে ঢাকা, মিরপুর, গাজীপুর, সাভার ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলে আন্দোলন ও বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।

মিরপুর, গাজীপুর ও সাভারসহ বিভিন্ন এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের পালটাপালটি ধাওয়া, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটেছে। মিরপুর ও সাভারে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার মতো সহিংসতার ঘটনাও ঘটেছে।

এ ছাড়া আন্দোলনে জড়িত থেকে সহিংসতার অভিযোগে বেশ কয়েকজনকে আটক-গ্রেপ্তার করা হয়েছে। গাজীপুরে শ্রমিক বিক্ষোভ চলাকালীন গুরুতর আহত পোশাক শ্রমিক তৌফিক শেখ মঙ্গলবার ঢাকার উত্তরার শিন শিন জাপান হাসপাতালে মারা গেছেন।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন, অনেক নিরীহ শ্রমিককে ব্যবহার করে দেশের তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানি বাণিজ্য ব্যাহত করার জন্য সীমান্তের ওপার থেকেও এই আন্দোলনে উসকানি ও অর্থায়ন দেওয়া হচ্ছে.

পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোরও দাবি, আন্দোলনে অনেক বহিরাগত ও কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের সদস্যরা শ্রমিক সেজে ঢুকে পড়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানিমূলক বার্তা ছড়িয়ে সহিংসতা উসকে দিচ্ছে।

ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো কার্যকরের ঘোষণা

চলমান আন্দোলন-বিক্ষোভের মধ্যেই আজ বুধবার নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভায় সিদ্ধান্ত হয়েছে, আগামী ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো কার্যকর হবে। বর্ধিত বেতন জানুয়ারি মাসে পাবেন শ্রমিকরা।

নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে সভায় মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামসুদ্দিন এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার উপস্থিত ছিলেন। চেয়ারম্যান জানান, পরবর্তী সভায় মালিক ও শ্রমিকপক্ষের পাশাপাশি নিরপেক্ষ সদস্যও মজুরি প্রস্তাব দেবেন। এরপর প্রস্তাবগুলো নিয়ে আলোচনা হবে।

গত রোববার মজুরি বোর্ড পুনর্গঠন করা হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমেদকে নিরপেক্ষ সদস্য করা হয়েছে। স্থায়ী মালিক ও শ্রমিক প্রতিনিধি হিসেবে রয়েছেন আসিফ আইয়ুব ও আনোয়ার হোসেন। পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামসুদ্দিন এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার।

এর আগে মজুরি বোর্ডের চেয়ারম্যান শেখ আশফাকুর রহমানকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) পদে বদলি করা হয়। তার স্থলাভিষিক্ত হয়েছেন সৈয়দ আজাদ সুবহানী। তবে বদলির কারণ সম্পর্কে প্রজ্ঞাপনে কিছু বলা হয়নি।

দ্রুত মজুরি ঘোষণার আশ্বাস বিজিএমইএ সভাপতির

পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি দ্রুত ঘোষণার আশ্বাস দিয়েছেন তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় হোটেল সোনারগাঁওয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

মাহমুদ হাসান খান বলেন, নির্ধারিত সীমার মধ্যে মজুরি বোর্ড ন্যূনতম মজুরি ঘোষণা করবে। এ ক্ষেত্রে বোর্ডের স্বাধীনভাবে কাজ করা প্রয়োজন। দ্রুত মজুরি ঘোষণার কথাও জানান তিনি। একই সঙ্গে শ্রমিকদের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটানোর আহ্বান জানান।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad