মুন্সীগঞ্জে ৩ স্কুলছাত্রীকে ‘অপহরণচেষ্টা’র অভিযোগে ২ নারী আটক

মুন্সীগঞ্জ প্রতিনিধি
আটক জান্নাত আক্তার (বাঁয়ে) এবং মোসা. গুলবাহার (ডানে)। ছবি: সংগৃহীত
আটক জান্নাত আক্তার (বাঁয়ে) এবং মোসা. গুলবাহার (ডানে)। ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের সিরাজদিখানে স্কুলছুটির পর বাড়ি ফেরার পথে দ্বিতীয় শ্রেণির তিন শিক্ষার্থীকে অপহরণের চেষ্টার অভিযোগে দুই নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার জৈনসার ইউনিয়নের পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন বকুলতলা সড়কে এ ঘটনা ঘটে। আটক দুই নারী হলেন— জান্নাত আক্তার (১৮) ও মোসা. গুলবাহার (৬০)।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বিদ্যালয় ছুটির পর তিন শিক্ষার্থী বাড়ি ফিরছিল। এ সময় দুই নারী বিভিন্ন কথা বলে তাদের সঙ্গে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। একপর্যায়ে একজন শিক্ষার্থীর হাত ধরে টেনে নেওয়ার চেষ্টা করলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে তারা এগিয়ে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন এবং দুই নারীকে আটক করে পুলিশে দেন।

আটক জান্নাত আক্তার মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ব্রাহ্মণখোলা গ্রামের ইউনুস শেখের মেয়ে। তিনি বর্তমানে ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় ভাড়া বাসায় থাকেন। অন্যদিকে গুলবাহার সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের পশ্চিম কুসুমপুর গ্রামের শেখ লাল চান মিয়ার মেয়ে।

প্রত্যক্ষদর্শী মহিউদ্দিন হাওলাদার বলেন, ‘দুই নারী টাকার লোভ দেখিয়ে শিশুদের নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। পরে দ্রুত গিয়ে শিশুদের উদ্ধার করি এবং এলাকাবাসীকে নিয়ে তাঁদের আটক করে পুলিশে দিই।’

পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলী হোসেন বলেন, বিদ্যালয় ছুটির পর ঘটনাটি ঘটে। এর আগের দিন সোমবারও ওই দুই নারীকে বিদ্যালয়ের পাশে ঘোরাফেরা করতে দেখেছিলেন তারা। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় নিজেদের মধ্যে আলোচনাও করেছিলেন। এর পরদিনই এমন ঘটনা ঘটেছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমি অবগত আছি। এ ধরনের ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। এমন ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া দরকার।’

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, দুই নারী পুলিশ হেফাজতে আছেন। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad