হেমায়েতপুরে পুলিশের গাড়িতে আগুন, সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২০

সাভার (ঢাকা) প্রতিনিধি
হেমায়েতপুরে পুলিশের গাড়িতে আগুন, সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২০

সাভারের হেমায়েতপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষে পুলিশ, শ্রমিক ও সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় সাভার মডেল থানার ওসি সাইফুল আলমের ব্যবহৃত পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (৪ নভেম্বর) সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর ও পদ্মার মোড়ের ঋষিপাড়া এলাকায় এসব ঘটনা ঘটে। আহতদের মধ্যে ওসি সাইফুল আলমসহ সাত পুলিশ সদস্য এবং তিন সাংবাদিক রয়েছেন।

এর আগে, ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করাসহ তিন দফা দাবিতে টানা পঞ্চম দিনের মতো ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল থেকেই হেমায়েতপুর ও ঋষিপাড়া এলাকার ১১টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

পরে শ্রমিকেরা জড়ো হয়ে সড়কে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করেন। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। একপর্যায়ে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়।

সাভার মডেল থানার ওসি (তদন্ত) মো. মোশাররফ হোসেন বলেন, শ্রমিকদের ছোড়া ইটপাটকেলে ওসি সাইফুল আলমসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁদের দ্রুত নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। এ ছাড়া পদ্মার মোড় এলাকায় ওসি সাইফুল আলমের ব্যবহৃত পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad