শ্রমিকদের ছাড়াতে থানা ঘেরাও, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

মজুরি বাড়ানোর দাবিতে চলমান আন্দোলনের মধ্যে আটক শ্রমিকদের ছাড়িয়ে নিতে গাজীপুরের কাশিমপুর থানা ঘেরাও করেন আন্দোলনকারী শ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। শ্রমিকদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশকে টিয়ার গ্যাস (টিয়ার শেল) ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অধীন কাশিমপুর থানায় এ ঘটনা ঘটে। এ সময় থানাসহ আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, আন্দোলনরত শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মোহাম্মদ খালিদ হোসেনসহ কয়েকজন পুলিশ সদস্য কাশিমপুর এলাকার একটি পোশাক কারখানার সামনে যান। শ্রমিকরা ধাওয়া দিলে তারা দৌড়ে থানায় ফিরে যান। এ সময় শ্রমিকরা থানা ঘেরাওয়ের চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, শ্রমিকদের সঙ্গে পুলিশের পালটাপালটি ধাওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে।










-cf3184-720x405.webp)



