বোরকা পরে হাতবোমা হামলা-কুপিয়ে জখম— পিটুনিতে নিহত ১

মাদারীপুরের কালকিনিতে বোরকা পরে এসে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে দুই ভাইয়ের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এ সময় হামলাকারীদের ধাওয়া করে একজনকে পিটুনি দেন স্থানীয়রা। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের কালিগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম।
নিহত তাইজুল সরদার (২২) মাদারীপুর সদর উপজেলার চর কুলপদ্বী এলাকার প্রয়াত রুস্তুম আলী সরদারের ছেলে। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
আহত ব্যক্তিরা হলেন— মহসিন চৌকিদার, জহির চৌকিদার ও আল আমিন সরদার। মহসিন ও জহির কালকিনি উপজেলার কালিনগর এলাকার মোতালেব চৌকিদারের ছেলে। আল আমিন সদর উপজেলার কুলপদ্বী এলাকার বারেক সরদারের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সকালে কালিগঞ্জ বাজারে হানিফ হাওলাদারের চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন মহসিন ও জহির। সেখানে আলীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সরদারও ছিলেন। এ সময় বোরকা পরা কয়েকজন ইজিবাইকে এসে হাতবোমার বিস্ফোরণ ঘটান। পরে তারা দুই ভাইকে কুপিয়ে জখম করেন।
এরপর হামলাকারীদের ধাওয়া করেন স্থানীয়রা। এ সময় তাইজুল ও আল আমিনকে পিটুনি দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা আহত চারজনকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাদারীপুর জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাইজুলের মৃত্যু হয়। গুরুতর আহত দুই ভাইকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে এ হামলার ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, তাইজুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।













-349d1f-256x144.webp)

-034717-256x144.webp)