গাজীপুরে আগুনে পুড়ল মসজিদ, ঝুট গুদামসহ দোকানপাট

গাজীপুরের শ্রীপুরে আগুনে একটি মসজিদ, ঝুট ও তুলার গুদামসহ বেশ কয়েকটি দোকানপাট পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাত ৪টার দিকে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামের ২ নম্বর সিঅ্যান্ডবি বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল করিম জানান, আগুন লাগার খবর পেয়ে প্রথমে শ্রীপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।
পরে আগুনের তীব্রতা বাড়তে থাকায় একই স্টেশনের আরও একটি ইউনিট এবং রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশনের একটি ইউনিট যোগ দেয়।
তিনি বলেন, চারটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৫টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
নুরুল করিম আরও বলেন, আগুনে একটি মসজিদ, ঝুট ও তুলার গুদাম, একটি স্যানিটারি দোকান, কয়েকটি মুরগির দোকান এবং একটি ভাঙারির দোকান পুড়ে গেছে।
অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্তের পর জানা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।














