নারায়ণগঞ্জে বাড়ি ফেরার পথে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
ফকির জহির রহমান। ছবি: সংগৃহীত
ফকির জহির রহমান। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে বাড়ি ফেরার পথে ফকির জহির রহমান (৪০) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ১০টার দিকে উপজেলার চর কিশোরগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জহির রহমান নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের আব্দুর রহমানের ছেলে। তিনি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলেন।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, জহিরের বাড়ি আড়াইহাজারে হলেও তিনি কয়েক বছর ধরে মুন্সিগঞ্জ সদর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। চর কিশোরগঞ্জ এলাকায় তার একটি ফার্মেসি রয়েছে।

প্রাথমিক তদন্তের বরাতে ওসি বলেন, “প্রতিদিনের মতো বুধবার রাতেও ফার্মেসি বন্ধ করে বাড়ি ফিরছিলেন তিনি। পথে কে বা কারা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে সড়কে ফেলে রেখে যায়।”

পরে তার চিৎকার শুনে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি জানান, জহিরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে কারা জড়িত এবং কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ তদন্ত করছে।

নিহতের ভাগনে ইসমাইল ও বিল্লাল হোসেন বলেন, “আসন্ন স্থানীয় নির্বাচনে কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থিতা নিয়ে ছাত্রদল নেতা মোবারক হোসেনের সঙ্গে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল মামার। এর আগেও কয়েকবার মোবারক তার সন্ত্রাসী বাহিনী নিয়ে তার ওপর হামলা করে।”

তাদের অভিযোগ, “আড়াইহাজার থেকে মোবারক ও তার সন্ত্রাসীরা এসে পূর্বপরিকল্পিতভাবে রাতে তাকে (জহির) কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।” হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন নিহতের স্বজনরা।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad