পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা, কার্যকর ১ ডিসেম্বর

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি হবে ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড । মালিক ও শ্রমিকপক্ষের দীর্ঘ আলোচনায় কোনো সমঝোতা না হওয়ায় শেষ পর্যন্ত গোপন ভোটাভুটির মাধ্যমে পোশাকশ্রমিকদের সর্বনিম্ন (চতুর্থ) গ্রেডের মজুরি ১৭ হাজার টাকা চূড়ান্ত হয়েছে। এই মজুরি বর্তমানের চেয়ে ৩৬ শতাংশ বা ৪ হাজার ৫০০ টাকা বেশি। বর্তমানে ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা।
আজ বুধবার (২৫ নভেম্বর) ভোরে বোর্ডের চতুর্থ সভা শেষে এ সিদ্ধান্ত জানান বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।
বোর্ড চেয়ারম্যান জানান, ছয় সদস্যের বোর্ডে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং শ্রমিকপক্ষের দুজন প্রতিনিধি ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে চতুর্থ গ্রেডের মজুরি ১৭ হাজার টাকা নির্ধারিত হয়। এর আগে আলোচনায় শ্রমিকপক্ষের সর্বশেষ সংশোধিত প্রস্তাব ছিল ১৮ হাজার টাকা এবং মালিকপক্ষের প্রস্তাব ছিল ১৬ হাজার টাকা।
সৈয়দ আজাদ সুবহানী আরও জানান, ‘বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫’-এর ১২৯(২) বিধি অনুসরণ করে গোপন ভোটের মাধ্যমে এই নিষ্পত্তি করা হয়েছে। তবে প্রথম তিনটি গ্রেডের মজুরি মালিক ও শ্রমিকপক্ষের সর্বসম্মতিক্রমে নির্ধারিত হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী প্রথম গ্রেডে ২১ হাজার ৫০০ টাকা, দ্বিতীয় গ্রেডে ২০ হাজার টাকা, তৃতীয় গ্রেডে ১৯ হাজার ২০০ টাকা এবং চতুর্থ বা সর্বনিম্ন গ্রেডে ১৭ হাজার টাকা মজুরি নির্ধারণ করা হয়েছে।
আগামী ১ ডিসেম্বর থেকে নতুন এই মজুরি কাঠামো কার্যকর হবে। ফলে ডিসেম্বর মাসের কাজের বিপরীতে আগামী জানুয়ারি মাসে পরিশোধ করা বেতনের সঙ্গে শ্রমিকরা নতুন কাঠামো অনুযায়ী মজুরি পাবেন।











-00e0f6-256x144.webp)


