হেমায়েতপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সাভার-আশুলিয়ায় বন্ধ ২২ কারখানা

তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের পর ফের উত্তপ্ত হয়ে উঠেছে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চল। ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে বুধবার হেমায়েতপুরে সড়ক অবরোধের চেষ্টা করলে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এদিকে চলমান শ্রমিক অসন্তোষের কারণে সাভার-আশুলিয়ার ২২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকালে শ্রমিকরা কারখানায় গিয়ে কাজে যোগ দিলেও কিছুক্ষণ পর বিভিন্ন কারখানা থেকে বের হয়ে হেমায়েতপুর-সিঙ্গার সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। সকাল পৌনে ৯টার দিকে বাগবাড়ি মোড় এলাকায় জড়ো হয়ে তারা বিক্ষোভ শুরু করলে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়।
শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। শ্রমিকরা সড়ক ছাড়তে অস্বীকৃতি জানালে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া এ তথ্য জানান।
এদিকে বিক্ষুব্ধ শ্রমিকরা আশপাশের সচল কারখানাগুলোতে গিয়ে অন্য শ্রমিকদেরও কাজ ছেড়ে বের হয়ে আসার আহ্বান জানান। কয়েকটি কারখানার বাইরে থেকে ইট-পাটকেল ছোড়া ও ভাঙচুরের অভিযোগও উঠেছে।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে বুধবার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের মোট ৪১টি কারখানায় স্বাভাবিক উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে।
এর মধ্যে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩ (১) ধারায় (কাজ নেই, মজুরি নেই ভিত্তিতে) ২২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মজুরি বৃদ্ধির দাবিতে ১০টি কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। এ ছাড়া অপ্রীতিকর ঘটনা এড়াতে ও উদ্ভূত পরিস্থিতির কারণে ৯টি কারখানায় বুধবারের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
বর্তমানে বাগবাড়ি মোড়, হেমায়েতপুরসহ শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে টহলও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন শিল্প পুলিশের কর্মকর্তা মমিনুল ইসলাম।










-3e5651-256x144.webp)





