বাসচাপায় প্রাণ গেল সিএনজি অটোরিকশার ৫ যাত্রীর

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের ঈদগাঁওয়ে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে যাওয়া সিএনজি অটোরিকশা। ছবি: সংগৃহীত
কক্সবাজারের ঈদগাঁওয়ে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে যাওয়া সিএনজি অটোরিকশা। ছবি: সংগৃহীত

কক্সবাজারের ঈদগাঁওয়ে একটি যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন, তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, হানিফ পরিবহনের একটি বাস যাচ্ছিল কক্সবাজারের দিকে। বিপরীত দিক থেকে একটি সিএনজি অটোরিকশা যাচ্ছিল চকরিয়ার দিকে। পথে ঈদগাঁও থানার সামনে বাসটি সামনে থেকে অটোরিকশাটিকে চাপা দিলে নিমেষেই সেটি দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন। আরও তিনজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আরেকজনকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে। নিহত পাঁচজনের মধ্যে দুজন নারী।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিফাতুল মাজদার বলেন, নিহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিতে পুলিশ কাজ করছে। দুর্ঘটনার পর মহাসড়কের দুপাশেই যানজট তৈরি হয়। দুই ঘণ্টারও বেশি সময় পর যান চলাচল স্বাভাবিক হয়।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad