ধর্ষণের শিকার ৩য় শ্রেণির শিক্ষার্থী, ৫ বছর পর আসামির মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় তৃতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে আকিদুল শেখ (২৫) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাঁচ বছর আগে স্কুলে যাওয়ার পথে ওই শিশু ধর্ষণের শিকার হয়েছিল।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে দিকে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. আবুল বাশার মিঞা এ রায় ঘোষণা করেন। এ সময় আকিদুল কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে আসামিকে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়।
আকিদুল আলফাডাঙ্গা উপজেলার নওয়াপাড়া গ্রামের সেলিম শেখের ছেলে। মামলার এজাহার থেকে জানা যায়, ২০২১ সালের ২০ জুন সকালে ভুক্তভোগী শিশু বিদ্যালয়ে যাচ্ছিল। রাস্তায় পানি জমে থাকায় তাকে রাস্তা পার করে বিদ্যালয়ে পৌঁছে দেওয়ার কথা বলেন আকিদুল। পরে তাকে রাস্তার পাশের একটি বাঁশবাগানে নিয়ে ধর্ষণ করেন।
শিশুটি রক্তাক্ত অবস্থায় বিদ্যালয়ে পৌঁছে শিক্ষকদের বিষয়টি জানালে শিক্ষকরা পরিবারকে খবর দেন। পরিবারের সদস্যরা তাকে প্রথমে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
পরদিন ২১ জুন শিশুটির বাবা আকিদুলকে আসামি করে আলফাডাঙ্গা থানায় ধর্ষণ মামলা করেন। পুলিশ মামলাটি তদন্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড ও দুই লাখ টাকা জরিমানার আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলাম রব্বানী ভূঁইয়া বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা ও এ ধরনের অপরাধের অভিযোগ পাওয়ার পর দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত আসামিকে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়েছে।

-c79025.jpg)
















