হেমায়েতপুরে সুপার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় মাদানি সুপার মার্কেটে আগুন লেগেছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। মার্কেটটি সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত।
ট্যানারি ফায়ার সার্ভিসের ফায়ারফাইটার মো. তুষার আলী জানান, সন্ধ্যা ৬টার দিকে হেমায়েতপুর বাসস্ট্যান্ডের একটি মার্কেটে আগুন লাগার খবর পান তারা। পরে ট্যানারি ফায়ার সার্ভিসের দুটি ও সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
তিনি আরও জানান, আগুন কীভাবে লেগেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।















