গাজীপুরের টঙ্গীর চেরাগ আলীতে বেসরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ড্রাগস ইন্টারন্যাশনালের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
বুধবার দুপুর ১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা তালহা বিন জসিম।
আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করে। পরে তাদের সঙ্গে যোগ দেয় বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ১০টা ১৪ মিনিটে কারখানাটিতে আগুন লাগে। খবর পাওয়ার এক মিনিটের মধ্যে টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও ইউনিট পাঠানো হয়।
দুপুর ১টার দিকে ফায়ার সার্ভিসের পাঠানো এক বার্তায় জানানো হয়, টঙ্গী স্টেশনের তিনটি, উত্তরা স্টেশনের তিনটি, গাজীপুর চৌরাস্তা মডার্ন স্টেশনের চারটি, কুর্মিটোলা স্টেশনের চারটি, রাজেন্দ্রপুর স্টেশনের দুটি এবং পূর্বাচল স্টেশনের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ ছাড়া মিরপুর থেকে একটি হ্যাজম্যাট টেন্ডারও কাজে যুক্ত হয়। সব মিলিয়ে ইউনিটের সংখ্যা ছিল ২০টি।
আগুন লাগার কারণ এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সকালে আগুন লাগার পর ফায়ার সার্ভিস প্রথমে প্রতিষ্ঠানটির নাম এসেনসিয়াল ড্রাগস বলে জানিয়েছিল। পরে সংশোধনী দিয়ে জানানো হয়, আগুন লেগেছে ড্রাগ ইন্টারন্যাশনালের কারখানায়।

















