পতিত সরকারের দোসররা দেশ অস্থিতিশীলের ষড়যন্ত্র করছে: রিজভী

জনগণের ভোটে নির্বাচিত সরকারকে চাপে ফেলতে এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পতিত সরকারের সহযোগীরা নাশকতা ও ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এ বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেকে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে মো. লকাই বিশ্বাসের জন্য নির্মিত বাড়ির চাবি হস্তান্তর এবং চিকিৎসা সহায়তা ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রিজভী বলেন, ভারত থেকে পতিত সরকারের সহযোগীরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার করছে। কয়েক দিন আগে বিদেশের মাটিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ন্যক্কারজনকভাবে অপমান করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এতে দেশের ভাবমূর্তি কোথায় গিয়ে দাঁড়ায়, তা সবার ভেবে দেখা উচিত।
বিএনপির এই নেতা বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ বিভিন্ন কর্মসূচি ধাপে ধাপে বাস্তবায়ন করছে। তাঁর ভাষ্য, অসহায় মানুষ মাস শেষে আড়াই হাজার টাকা পেলেও খাবার ও দৈনন্দিন জীবনযাপনে কিছুটা স্বস্তি পাবেন।
বিগত সরকারের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যাংক লুটের অর্থ বিদেশে পাচার করে বিলাসী জীবনযাপনের অভিযোগও করেন রিজভী। তার দাবি, বিদেশে অবস্থান করেও তাঁরা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
‘আমরা বিএনপি পরিবার’-এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে সেলাই মেশিন ও নগদ অর্থসহায়তা দেওয়া হয়। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোদারেরছ আলী ইছা, সদস্যসচিব এ কে কিবরিয়া স্বপন, ভাঙ্গা উপজেলা বিএনপির আহ্বায়ক খন্দকার সেলিম, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরিজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শাহারিয়ার শিথিল এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল কায়েসসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
















