‘ওসি ঠিক তো সব ঠিক’— যুব মহিলা লীগ নেত্রীকে বাসায় ডাকলেন ফেনীর ওসি

ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়জুল আজীম নোমান এক নারীকে নিজের বাসায় আসার জন্য ফোনে বারবার তাগাদা দিয়েছেন। কীভাবে সেখানে যেতে হবে, কোথায় গাড়ি বদলাতে হবে এবং যাতায়াতের ভাড়া কত হতে পারে, তা-ও বুঝিয়ে দিয়েছেন তিনি। ওই নারী বাসায় পৌঁছালে গাড়িভাড়া পরিশোধের আশ্বাসও দেন ওসি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে তাদের কথোপকথনের দুটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
ফোনালাপের অপর প্রান্তে থাকা নারী দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সাবেক সভাপতি তাসকিরা তানিন সনি। ছড়িয়ে পড়া দুটি রেকর্ডের একটিতে ৩ মিনিট ৩৬ সেকেন্ড এবং অন্যটিতে ৬ মিনিট ২০ সেকেন্ড কথা বলতে শোনা যায় তাঁদের। প্রথম রেকর্ডে সনিকে ওসির বাসায় আসার জন্য বারবার তাগাদা দিতে শোনা যায়। দ্বিতীয় কথোপকথনে টাকাপয়সার লেনদেন, মামলা, তুহিন ও পারভেজ নামের ব্যক্তিদের নিয়ে আলোচনা হয়। এ সময় সনি তার পরিবারের সদস্যদের অসুস্থতা ও বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেন।
প্রথম ফোনালাপের শুরুতে ওসি সনিকে বাইরে বের হওয়ার কথা বলেন এবং তার বাসায় যাওয়ার পথ নির্দেশনা দেন। তিনি বলেন, ‘তোমার বাসার সামনে থেকে, ওই যে থানার কথা বলবা, একটু ফাঁকা জায়গা থেকে একটা সিএনজিতে উঠবা।’ পরে মসজিদের পাশের রাস্তা ধরে সোজা এগিয়ে নির্দিষ্ট জায়গায় পৌঁছে তাকে আবার ফোন দিতে বলেন। ওসি বলেন, ‘মসজিদ দেখছ না হাতের বাম পাশে? এই মসজিদের দিকে একটা রাস্তা ঢুকছে। এই সোজা রাস্তার মাথায় আসলে আবার আমারে কল দিবা। একবারে সোজা আমার বাসা।’
যাতায়াতের ভাড়া নিয়ে কথা বলার সময় ওসি বলেন, ‘বাজার থেকে আসলে সিএনজিতে আইবা। ১০০ টাকা দিলে হয়। যদি বলে ২০০ টাকা দিবা।’ এ সময় সনি ওসির বাসায় থাকার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন এবং ভিডিও কল না দেওয়ার প্রসঙ্গ আনেন। জবাবে ওসি বলেন, ‘তোমার লোকেশন তো দেখতেছি রামানন্দপুর।’ সনি সেখানে থাকার কথা অস্বীকার করে বলেন, ‘আল্লাহর কসম, একবারে আমার মরা মার কসম, আঙ্কেল আপনি আমাকে বিশ্বাসই করলেন না।’ ওসি বলেন, ‘আই বুঝি তোঁয়ার আঙ্কেল? তোমার মোবাইলে তো আমি এমনি লোকেশন দেখলাম। লোকেশন দেখতেছি যে ছয় নম্বর ওয়ার্ড রামানন্দপুর।’ সনি আবারও সেখানে থাকার কথা অস্বীকার করেন।
একপর্যায়ে ওসি সনিকে আশ্বস্ত করে বলেন, ‘তো তোমারে বিশ্বাস না করার মতো এখনো কিছু কইছি নাকি?’ এরপর যাতায়াতের ব্যবস্থা করতে বলেন। ওসি বলেন, ‘তুমি যেটা বেস্ট জানো, ওইটা একটা রিজার্ভ করো।’ পরে বলেন, ‘সমস্যা-টমস্যা কিছু নাই তো তোমার। এখন দায়িত্ব তো ওসি সাহেবের, আর ওসি ঠিক সব ঠিক— বোঝো নাই? তুমি যেখান থেকে আসো, থানার দিকে ঢুকে এদিকে আমার বাংলোতে চলে আসবা।’ এ সময় সনি বারবার ফোন না দিতে বলেন, যাতে তার বোন ফোনের বিষয়ে প্রশ্ন না করেন।
সনি জানান, তিনি চৌদ্দগ্রাম থেকে অটোরিকশায় চৌদ্দগ্রাম বাজারে যাবেন, সেখান থেকে মিয়াবাজার হয়ে অন্য গাড়িতে আসবেন। ওসি তখন মিয়াবাজার থেকে তার বাসায় আসতে কত সময় লাগবে, তা গুগল ম্যাপে দেখার কথা বলেন। তিনি বলেন, ‘আমি ওই যে গুগল ম্যাপে দেখি, মিয়াবাজার থেকে কতক্ষণ লাগে। তুমি মিয়াবাজার থেকে যেভাবে আসতে, ডাইরেক্ট তাড়াতাড়ি আসা যায়।’ পরে বলেন, ‘তুমি এখানে আসলে আমি পেমেন্ট করে দিব, অসুবিধা নাই।’ ফোনালাপের শেষ দিকে সনিকে রওনা হওয়ার পর জানাতে বলেন ওসি। তাকে অপেক্ষা করার কথাও বলতে শোনা যায়।
দ্বিতীয় ফোনালাপের শুরুতে ওসি বলেন, ‘আমি এর জন্য ক্ষমা প্রার্থী।’ এরপর সনি তুহিন নামের এক ব্যক্তির বিরুদ্ধে টাকা চাওয়া ও তার বোনকে হুমকি দেওয়ার অভিযোগ করেন। একটি মামলায় জামিনের জন্য সেদিন থানায় দুই লাখ টাকা দেওয়ার দাবি করে তিনি বলেন, তুহিনের কারণে তার পরিবার আবার সমস্যায় পড়েছে। তিনি বলেন, ‘তুহিন ফোনে গালিগালাজ করল, পারভেজ একটা ক্রিমিনাল। একটা ক্রিমিনাল হয়েও পারভেজ কী করে আপনাদের কাছে ফোন করে?’ জবাবে ওসি বলেন, ‘না, আমার কাছে ফোন করে নাই।’
সনি দাগনভূঞা থানায় একাধিকবার যাওয়া, জিডি ও অভিযোগ করার কথা উল্লেখ করে বলেন, ‘আমি দাগনভূঞা একবার না, বারবার গেছি। জিডি করছি, অভিযোগ করছি, আমার ফোন নিয়ে গেছে। কোনো দিন এই পারভেজ অ্যারেস্ট হয় নাই।’ পরে ওসি আবার তার সঙ্গে দেখা করে কথা বলার আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, ‘তোমারে খালি একটু কথা বলি। দুনিয়া এখন দুনিয়া নাই, বুঝছনি? তুমি আসলে এই কথাটা কইয়া লইতাম।’ এরপর রাজনৈতিক স্বার্থ ও টাকাপয়সার বাইরে থেকে তার সঙ্গে যোগাযোগ রাখার কথা বলেন ওসি। তিনি বলেন, ‘তুমি যদি মনে করো যে এখানে কোনো রাজনৈতিক স্বার্থ, টাকাপয়সা— সবকিছুর বাইরে যদি চিন্তা করতে পারবা, তাহলে এর পর থেকে আমার সাথে যোগাযোগ রাখবা।’ পাশাপাশি বলেন, ‘নইলে তোমার জন্য যতটুকু ক্ষতি, আমার জন্য এর থেকে বেশি ক্ষতি।’
এ সময় সনি তার বিরুদ্ধে মামলা, টাকা হারানো ও পরিবারের সদস্যদের হয়রানির অভিযোগ তুলে বলেন, ‘আমি আপনারে একটা কথা বলি, আমি মামলা খাইলাম, আমার দুই লাখ টাকা গেল। এদিক দিয়ে তুহিন ঝামেলা করে থানার মধ্যে আমার বোনরে মারতে গেল।’ পারভেজকে গ্রেপ্তারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘পারলে পারভেজকে অ্যারেস্ট করে দেখান। ফটিক মিয়ারে ধরলেই তো পারভেজ চলে আসে।’ নিজের সন্তানদের অসুস্থতার কথাও জানান সনি। তিনি বলেন, ‘আমার এতটুকু একটা ছেলে, তার জীবনটাও আপনারা শেষ করে দিছেন। আপনারা শেষ করছেন আমারে মামলা দিয়া হয়রানি কইরা। আমার মেয়ে বর্তমানে হাসপাতালে। আমার মেয়ের মামস, জ্বর-কাশি। মেয়ের অবস্থা অতটা ভালো না, বুঝছেননি?’ জবাবে ওসি বলেন, ‘এখন সব দোষ আমার ওপর ঝাড়তেছ, না?’ সনি বলেন, ‘না, না, আপনার ওপর আমি কেন ঝাড়মু? আমার ওই সাহস নাই আপনার ওপর ঝাড়ার।’
এর আগে ১০ নভেম্বর রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে নিজ বাসা থেকে তাসকিরা তানিন সনিকে গ্রেপ্তার করে দাগনভূঞা থানা-পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়। জামিনে মুক্তির পর ওসির সঙ্গে তার কথোপকথনের অডিও ছড়িয়ে পড়ে। অডিও প্রকাশের পর এক ভিডিওবার্তায় সনি অভিযোগ করেন, গ্রেপ্তারের পর থানাহাজতে ওসি তার শ্লীলতাহানি করেছেন এবং তাঁকে আলিঙ্গন করার কথা বলেছেন। এসব অন্যায়ের বিচার দাবি করেন তিনি।
কল রেকর্ডের বিষয়ে জানতে চাইলে দাগনভূঞা থানার ওসি মোহাম্মদ ফয়জুল আজীম নোমান বলেন, ‘কল রেকর্ডের কথোপকথন আমারই। তবে আসামিকে গ্রেপ্তারে ভিন্ন কৌশল অবলম্বনের জন্য এসব কথাবার্তা হয়েছে। মূলত পুলিশের কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে ওই নারী ষড়যন্ত্র করছে। এ ছাড়া আমার বিরুদ্ধে করা টাকা লেনদেনসহ অন্য অভিযোগগুলো সত্য নয়।’
ফেনীর পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, ‘ইতিমধ্যে কল রেকর্ডগুলো আমাদের নজরে এসেছে। সেগুলো ফ্যাক্টচেকিংয়ের জন্য পাঠানো হয়েছে। এ ধরনের কাণ্ডে জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে গত আগস্টে মামলা নিতে অস্বীকার করার অভিযোগে দাগনভূঞা থানার ওসি ফয়জুল আজীম নোমানকে দায়িত্ব থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছিলেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন আদালত। ওই আদেশের পর অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছিলেন তৎকালীন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। তবে পরবর্তী সময়ে ওসি তার স্বপদে বহাল ছিলেন।














