চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ডুবল সোডা অ্যাশবাহী লাইটার জাহাজ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে সোডিয়াম কার্বনেট বা সোডা অ্যাশ বোঝাই করার সময় এমভি বালাসুর-১ নামে একটি লাইটার জাহাজ ডুবে গেছে।
রোববার সকালে একটি মাদার ভেসেল থেকে শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত এই পণ্য বোঝাইয়ের সময় জাহাজটি কাত হয়ে সাগরে তলিয়ে যায়। তবে দুর্ঘটনার পর জাহাজটিতে থাকা সব নাবিককে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা হয়েছে।
রোববার সকাল ৭টার দিকে বন্দরের আলফা অ্যাঙ্করেজে এ দুর্ঘটনা ঘটে। একটি মাদার ভেসেল থেকে এমভি বালাসুর-১-এ সোডা অ্যাশ বোঝাই করা হচ্ছিল। এ সময় জাহাজটি কাত হয়ে সাগরে ডুবে যায়। রোববার রাতে এক বিজ্ঞপ্তিতে দুর্ঘটনার বিষয়টি জানায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, বহির্নোঙরের আলফা অ্যাঙ্করেজে একটি মাদার ভেসেল থেকে লাইটার জাহাজটিতে সোডা অ্যাশ বোঝাই করা হচ্ছিল। সকাল ৭টার দিকে পণ্য বোঝাইয়ের সময় এমভি বালাসুর-১ ডুবে যায় বলে জানান তিনি।
তিনি আরও জানান, দুর্ঘটনাস্থল চিহ্নিত করে সেখানে বয়া বসানো হয়েছে। তবে এ ঘটনায় বন্দরের জাহাজ চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। স্বাভাবিকভাবেই জাহাজ চলাচল অব্যাহত রয়েছে। দুর্ঘটনার পরপরই ডুবে যাওয়া লাইটার জাহাজটিতে থাকা সব নাবিককে উদ্ধার করা সম্ভব হয়েছে।












