রোড সেইফটি ফাউন্ডেশন

পৌনে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় ৮ হাজার শিশুর মৃত্যু, মোটরসাইকেলে সর্বোচ্চ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ১৩: ২৭
নিহত শিশুদের মধ্যে ২ হাজার ৯৫৮ জন মোটরসাইকেলের চালক ও আরোহী ছিল। ছবি: সংগৃহীত
নিহত শিশুদের মধ্যে ২ হাজার ৯৫৮ জন মোটরসাইকেলের চালক ও আরোহী ছিল। ছবি: সংগৃহীত

দেশে ২০২০ সাল থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত পৌনে সাত বছরে সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৯৬৩ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রোড সেইফটি ফাউন্ডেশন। নিহত শিশুদের মধ্যে ২ হাজার ৯৫৮ জন মোটরসাইকেলের চালক বা আরোহী ছিল, যা অন্যান্য যানবাহনের তুলনায় সর্বোচ্চ।

বুধবার (২১ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে রোড সেইফটি ফাউন্ডেশন। সড়ক ও পরিবহন খাতের অব্যবস্থাপনা এবং ট্রাফিক আইন সম্পর্কে অসচেতনতাকে এসব মৃত্যুর অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছে সংস্থাটি।

নয়টি জাতীয় দৈনিক, ১৭টি অনলাইন নিউজ পোর্টাল, ইলেকট্রনিক গণমাধ্যম এবং নিজেদের সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নিহত শিশুদের মধ্যে ২ হাজার ৯৫৮ জন মোটরসাইকেলের চালক ও আরোহী ছিল। এ ছাড়া রাস্তা পারাপার বা সড়কে হাঁটার সময় যানবাহনের ধাক্কায় ২ হাজার ৮১২ জন এবং বিভিন্ন যানবাহনের যাত্রী হিসেবে ২ হাজার ১৯৩ জন শিশুর মৃত্যু হয়েছে।

বয়সভিত্তিক হিসাবে, নিহত শিশুদের মধ্যে ১৩ থেকে ১৭ বছর বয়সী ৩ হাজার ৫৪৭ জন। ৬ থেকে ১২ বছর বয়সী ২ হাজার ৮৮৪ জন এবং শূন্য থেকে ৫ বছর বয়সী ১ হাজার ৫৩২ জন শিশু প্রাণ হারিয়েছে।

দুর্ঘটনার স্থান বিশ্লেষণে দেখা যায়, সবচেয়ে বেশি ২ হাজার ৫১৩ শিশুর মৃত্যু হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া-আসার পথে। এ ছাড়া বসতবাড়ির আশপাশের সড়কে খেলার সময় দুর্ঘটনায় প্রাণ গেছে ৯৬২ শিশুর।

সড়কের ধরন অনুযায়ী, গ্রামীণ সড়কে সবচেয়ে বেশি ২ হাজার ৭১৩ শিশুর মৃত্যু হয়েছে। আঞ্চলিক সড়কে এ সংখ্যা ২ হাজার ৮২, মহাসড়কে ১ হাজার ৯৭৪ এবং শহরের সড়কে ১ হাজার ১৯৪।

দিনের কোন সময়ে বেশি দুর্ঘটনা ঘটেছে, সেই হিসাবও তুলে ধরেছে রোড সেইফটি ফাউন্ডেশন। প্রতিবেদনে বলা হয়েছে, বিকেলের দিকে সবচেয়ে বেশি ৩৩ দশমিক ০৭ শতাংশ শিশু দুর্ঘটনায় নিহত হয়েছে। সকালে ২৭ দশমিক ২২ শতাংশ এবং দুপুরে ২২ দশমিক ৭৬ শতাংশ শিশুর মৃত্যু হয়েছে।

সংস্থাটির মতে, সড়ক ও পরিবহনব্যবস্থা শিশুবান্ধব না হওয়া, নিরাপদে সড়ক ব্যবহারের বিষয়ে শিশুদের সচেতনতা ও প্রশিক্ষণের অভাব, অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক চালকদের দিয়ে যানবাহন চালানো এবং আহত শিশুদের যথাযথ চিকিৎসার অভাব এসব মৃত্যুর অন্যতম কারণ।

প্রতিবেদনে আরও বলা হয়, গ্রামীণ সড়কের পাশে বসতবাড়ি থাকায় এবং যানবাহন চলাচলে নিয়মনীতি না মানার কারণে এসব সড়কে শিশু হতাহতের সংখ্যা বেশি।

শিশুদের সড়ক দুর্ঘটনায় মৃত্যু ঠেকাতে সড়ক পরিবহন আইন, ২০১৮ বাস্তবায়ন, অদক্ষ চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং শিশুদের জন্য সড়ক নিরাপদ করার দাবি জানিয়েছে রোড সেইফটি ফাউন্ডেশন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad