দলীয় কার্যক্রমে ‘অসন্তোষ’, টুঙ্গিপাড়ায় বিএনপির আরও ৬ নেতার পদত্যাগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দলীয় কার্যক্রম ও সাংগঠনিক পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করে বিএনপির আরও ছয় নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তাঁরা দলের প্রাথমিক সদস্যপদসহ পাটগাতী ইউনিয়ন বিএনপির বিভিন্ন পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এ নিয়ে গত কয়েক দিনে টুঙ্গিপাড়ায় বিএনপি ও সহযোগী সংগঠনের পদত্যাগকারী নেতা-কর্মীর সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পাটগাতী ইউনিয়নের গিমাডাঙ্গা নতুন বাজারে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন ওই ছয় নেতা। তাঁরা হলেন ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক বাচ্চু শেখ, দপ্তর সম্পাদক সজীব ফকির, ধর্মবিষয়ক সম্পাদক মিজানুর রহমান, সহ-কৃষিবিষয়ক সম্পাদক শাহানুর শেখ এবং ইউনিয়ন বিএনপির সদস্য মো. আফজাল শেখ ও মোহাম্মদ জামাল মোল্লা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নেতারা জানান, দীর্ঘদিন ধরে তারা পাটগাতী ইউনিয়ন বিএনপির বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছেন। তবে সম্প্রতি টুঙ্গিপাড়ায় দলের কার্যক্রম ও সাংগঠনিক পরিবেশ নিয়ে তাঁরা সন্তুষ্ট নন। এ কারণে দলের প্রাথমিক সদস্যপদসহ ইউনিয়ন বিএনপির সব পদ-পদবি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। ভবিষ্যতে বিএনপির কোনো অঙ্গ বা সহযোগী সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত থাকবেন না বলে লিখিত বক্তব্যে উল্লেখ করেন তাঁরা।
ছয় নেতার পদত্যাগের বিষয়ে জানতে পাটগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি নান্টু শেখের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলুও ফোন ধরেননি। এর আগে ১৭ থেকে ২১ নভেম্বরের মধ্যে টুঙ্গিপাড়ায় বিভিন্ন সময়ে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১৩ নেতা-কর্মী সংবাদ সম্মেলন এবং ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দেন।
গত ১৫ নভেম্বর লগি-বইঠা, রামদা, চায়নিজ কুড়ালসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনগুলো। ওই দিন পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) আগুন দেওয়া এবং পুলিশ বক্সে ভাঙচুরের ঘটনা ঘটে। এসব নাশকতার পর ১৭ নভেম্বর টুঙ্গিপাড়া থানা এবং ১৯ নভেম্বর মুকসুদপুর থানা পুড়িয়ে দেওয়া হয়। এরপর থেকে ওই দুই থানার কার্যক্রম বন্ধ রয়েছে। বিএনপির স্থানীয় তিন সংসদ সদস্যের বাড়িও পুড়িয়ে দেওয়া হয়। এসব ঘটনায় বিএনপি ও প্রশাসনকে অনেকটা নীরব থাকতে দেখা গেছে।
এ বিষয়ে গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্যসচিব কাজী আবুল খায়ের বলেন, ‘আজ টুঙ্গিপাড়া উপজেলা পাটগাতী ইউনিয়ন বিএনপির ছয় নেতার পদত্যাগের বিষয়ে আমার জানা নেই। তবে এর আগে কয়েকজন পদত্যাগ করেছেন বলে লোকমুখে শুনেছি।’










-3e5651-256x144.webp)
