নারী পরিচয়ে হোটেল ভাড়া, তবু পুলিশের জালে সাবেক এমপি বদির দুই ভাই ও ছেলে

সিলেটের জল্লারপাড় এলাকার গ্র্যান্ড প্যালেস হোটেলে অভিযান চালিয়ে পুলিশ গ্রেপ্তার করেছে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির দুই ভাই, ছেলে ও টেকনাফ পৌরসভার সাবেক এক কাউন্সিলরকে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার এড়াতে তারা বারবার অবস্থান পরিবর্তন করছিলেন। এমনকি হোটেলের কক্ষ ভাড়া নেওয়ার সময় তারা নারীদের নাম ও জাতীয় পরিচয়পত্র ব্যবহার করেছিলেন, যেন নিজেদের পরিচয় গোপন রাখা যায়। তবে শেষ রক্ষা হয়নি। গ্র্যান্ড প্যালেস হোটেলে পুলিশের জালে ধরা পড়েন তারা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত মধ্যরাতে কোতোয়ালি মডেল থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল গ্র্যান্ড প্যালেস হোটেল ও আশপাশের এলাকা ঘিরে ফেলে অভিযান শুরু করে। চার থেকে পাঁচ ঘণ্টার অভিযান শেষে বুধবার (২৫ নভেম্বর) ভোর ৫টার দিকে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— সাবেক এমপি আবদুর রহমান বদির ভাই আবদুস শুক্কুর ও আবদুল আমিন, ছেলে আবদুল্লাহ শাওন আরমান এবং টেকনাফ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হোসেন আহমদ। এর আগে এমপি বদির একমাত্র মেয়ে সানির স্বামী ব্যারিস্টার রানাকে ঢাকায় তার নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়।
সিলেট পুলিশের উপকমিশনার সাইফুল ইসলাম বলেন, গ্র্যান্ড প্যালেস হোটেলে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে দুজন সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির আপন ভাই, একজন তার ছেলে এবং চতুর্থজন টেকনাফের স্থানীয় কাউন্সিলর আহমদ হোসেন।
গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে একাধিক মামলার তথ্য পাওয়া গেছে জানিয়ে সিলেট মহানগর পুলিশের এই কর্মকর্তা বলেন, তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই করে পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাদের কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাঈনুল জাকির বলেন, সাবেক এমপি আবদুর রহমান বদির ছেলে ও ভাইসহ চারজনের নামে কক্সবাজারে একটি মামলা রয়েছে, ঢাকাতেও মামলা রয়েছে। সংশ্লিষ্ট মামলার তথ্য ও গ্রেপ্তারের নির্দেশনা পেয়ে পুলিশ তৎপর হয়ে ওঠে। সিলেট নগরীতে তাদের অবস্থানের তথ্য পাওয়ার পর প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করা হয়। পরে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।
বদির দুই ভাইসহ গ্রেপ্তার চারজনের কাছ থেকে উদ্ধার করা মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষার জন্য সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি। বলেন, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও কক্সবাজার পুলিশের সদস্যরা এসে তাদের জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় যাচাই-বাছাই করবেন। এরপর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আবদুস শুক্কুর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের টেকনাক পৌর শাখার সাংগঠনিক সম্পাদক। আবদুল আমিন একই কমিটির সমাজকল্যাণবিষয়ক সম্পাদক ও টেকনাফ স্থলবন্দর সিএনএফের সভাপতি। হোসেন আহমদ টেকনাফ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর যুবলীগের সহসভাপতি। শাওন আরমান নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা উত্তর শাখার সহসভাপতি।














