চট্টগ্রামে কনসার্ট শেষে শেখ হাসিনার নামে স্লোগান, আটক ৯

চট্টগ্রাম নগরীতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল শেষে আয়োজিত কনসার্ট থেকে ফেরার পথে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দিয়ে মিছিল করেছে একদল মানুষ। এ ঘটনায় পুলিশ নয়জনকে আটক করেছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মিছিলের সময় স্থানীয় বিএনপি কর্মীরা কয়েকজনকে পুলিশের কাছে তুলে দেন।
শনিবার রাতে নগরীর আমবাগান এলাকায় এ ঘটনা ঘটে। সেখানে শহীদ শাহজাহান মাঠে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’ আয়োজন করা হয়। ফাইনাল ম্যাচের পর মাঠে কনসার্টের আয়োজন ছিল। এতে বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় এক ব্যক্তি বলেন, রাত ১০টার দিকে কনসার্ট শেষে লোকজন বাড়ি ফেরার সময় কিছু যুবক ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে’ স্লোগান দিতে শুরু করেন। এ সময় মিছিলের সঙ্গে জড়িত কয়েকজনকে স্থানীয় বিএনপি কর্মীরা পুলিশের কাছে তুলে দেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
খুলশী থানার ওসি মো. কামরুজ্জামান আটক ব্যক্তিদের বিষয়ে বলেন, ‘কনসার্ট শেষে বাসায় ফেরার পথে কয়েকজন নিষিদ্ধ সংগঠনের নামে স্লোগান দিয়েছিল। তাদের মধ্যে আমরা ৯ জনকে আটক করেছি।’ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিও পর্যালোচনা করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।














