ইনানীতে গ্যাসকূপ সার্ভের সময় বিস্ফোরণ, আহত বাপেক্সের ৭ কর্মী

কক্সবাজার প্রতিনিধি
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার ইনানীতে নলকূপ থেকে নির্গত গ্যাসের আগুন নিয়ন্ত্রণের পর সার্ভের কাজ চলাকালে বিস্ফোরণে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বাপেক্স) সাত কর্মী দগ্ধ ও আহত হয়েছেন। তাদের মধ্যে চারজন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। বাকি তিনজনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হচ্ছে।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী খাল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। বাপেক্সের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) ড. আব্দুস ছালাম ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তার ভাষ্য, ওই স্থানে সম্প্রতি আগুন নিয়ন্ত্রণে আনার পর গ্যাসের পরিস্থিতি পর্যবেক্ষণে সার্ভের কাজ চলছিল। এ সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং আগুনের কুণ্ডলী বের হয়ে আসে।

দগ্ধ ও আহত সাতজনের মধ্যে রয়েছেন বাপেক্সের ডিজিএম রাকিবুল হাসান, রিগ মেকানিক ফিরোজ আহমেদ ও রিগ মেকানিক মোহাম্মদ জনিসহ আরও কয়েকজন। বিস্ফোরণের পর তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছেন। বাকি তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হচ্ছে।

এর আগে গত ২৭ নভেম্বর প্রায় এক মাস ধরে জ্বলতে থাকা ইনানীর ওই গ্যাসকূপের আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এরপর গ্যাসের পরিস্থিতি পর্যবেক্ষণ ও সার্ভের কাজ শুরু করে বাপেক্সের বিশেষজ্ঞ দল। সেই কার্যক্রম চলার সময়ই রবিবার বিস্ফোরণের ঘটনা ঘটে।

গত ২৭ অক্টোবর ইনানীর ছোট ব্রিজ এলাকায় গভীর নলকূপ স্থাপনের সময় মাটির নিচ থেকে হঠাৎ গ্যাস উদ্‌গীরণ শুরু হয়। পরে নির্গত গ্যাস বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে আগুন ধরে যায়। এরপর ওই স্থানে টানা প্রায় এক মাস আগুন জ্বলতে থাকে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad